প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান: জাল লটারি টিকিট বিক্রির চক্রের পর্দাফাঁস (Pretend Lottery Racket)। বড়সড়ো সাফল্য পেল পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ (Jamalpur)। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ লক্ষাধিক টাকা মূল্যের জাল লটারি টিকিট সহ (Pretend Lottery Tickets Seized) গ্রেপ্তার করা হয়েছে রবীন্দ্রনাথ বাগ নামে এক ব্যক্তিকে। ধৃতের বাড়ি জামালপুরের শুড়েকালনা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এলাকায় বৈধ লটারি সংস্থার সাব-স্টকিস্ট পার্থ রায় জাল লটারি কারবার নিয়ে সরব ছিলেন। রবীন্দ্রনাথ বাগের বিরুদ্ধে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শনিবার দুপুরে পুলিশ রবীন্দ্রনাথের ব্যবসায়িক ডেরায় হানা দেয়। আচমকা পুলিশের হানায় পালানোর সুযোগ পাননি অভিযুক্ত। তাঁর ডেরায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাল লটারি টিকিট উদ্ধার হয়। জেরায় ধৃত নিজের অপরাধের কথা স্বীকার করেছে।
এসডিপিও (বর্ধমান দক্ষিণ) অভিষেক মণ্ডল জানান, উদ্ধার হওয়া সমস্ত জাল টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত এবং মূল পাণ্ডা কে, তা জানতে ধৃতকে রবিবার বর্ধমান আদালতে পেশ করে পুলিশি হেপাজতে নেওয়ার আবেদন জানানো হবে।
উল্লেখ্য, গত ছয় মাসের মধ্যে জামালপুর থেকে এই নিয়ে তিনজনকে জাল লটারি টিকিট বিক্রির অভিযোগে গ্রেপ্তার করল পুলিশ। এর আগে ডিসেম্বর মাসে সিআইডি-র অভিযানে লালন শা ওরফে মহম্মদ নুরুল ইসলাম এবং পরে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (DEB) জালে ধরা পড়ে গদাই বালা নামে আরও এক ব্যক্তি। একের পর এক গ্রেপ্তারের ঘটনা ঘটলেও এলাকায় জাল লটারির কারবার পুরোপুরি বন্ধ না হওয়ায় উদ্বেগে সাধারণ মানুষ। পুলিশ চক্রটির শিকড় উপড়ে ফেলতে জোরদার তদন্ত শুরু করেছে।

