অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার : বিজেপির রাজনীতির সঙ্গে যাঁদের পরিচয় বহুদিনের, তাঁদের কাছে রথযাত্রার বিশেষ গুরুত্বের কথা অজানা নয়। ১৯৯০ সালে লালকৃষ্ণ আদবানি যে রথযাত্রা করেছিলেন তার ফল বিজেপি পেয়েছে। কয়েক দশক ধরে সেই একই ধাঁচের রথযাত্রা বিভিন্ন রাজ্যেও শুরু হয়েছে। এই রাজ্যেও বিজেপির রথযাত্রার ইতিহাস রয়েছে। এবার বিধানসভা নির্বাচনের আগে এরাজ্যে ফের একবার রথযাত্রার প্রস্তুতি নিচ্ছে পদ্ম শিবির। যার পোশাকি নাম পরিবর্তন সংকল্প যাত্রা। এবং তা শুরু হবে উত্তরবঙ্গ থেকে।
প্রাথমিকভাবে ১৫ জানুয়ারি থেকে কোচবিহারে এই রথযাত্রা শুরু হওয়ার কথা ছিল। পরের দিন তা আসত আলিপুরদুয়ারে। এরপর জলপাইগুড়ি, দার্জিলিং জেলায় রথযাত্রা পৌঁছোনোর কথা। তবে গোটা পরিকল্পনাটাই পিছিয়ে দেওয়া হয়েছে। ১৫ জানুয়ারির বদলে জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্রুয়ারি মাসে রথযাত্রা হতে পারে বলে দলীয় সূত্রে খবর। তবে এ নিয়ে দলের নেতারা এই মুহূর্তে বেশি তথ্য জানাতে নারাজ। এদিন এবিষয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন বলেন, ‘পরিবর্তন সংকল্প যাত্রা করার পরিকল্পনা রয়েছে। সেটা নিয়ে আলোচনাও হয়েছে। সমস্তটাই এখনও প্রস্তাব হিসেবে রয়েছে, তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে রাজ্য বিজেপির তরফ থেকেই তা জানিয়ে দেওয়া হবে।’
বিজেপির সূত্রে জানা গিয়েছে, রথযাত্রা করা নিয়ে রাজ্য স্তরের পর জেলা স্তরেও আলোচনা হয়েছে। জেলার নেতাদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। এছাড়াও কোন কোন রুটে ওই যাত্রা যাবে তা নিয়েও আলোচনা চলছে বিজেপির অন্দরে। এদিকে ১৫ জানুয়ারি ওই যাত্রা শুরুর কথা থাকলেও বিজেপি বিভিন্ন জায়গায় যে পরিবর্তন সভা করছে তা এখনও শেষ হয়নি। এছাড়াও যাত্রা করার ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে অনুমতি নেওয়ারও প্রয়োজন রয়েছে। সেইসব কিছু আগে থেকে ঠিক করে নেওয়া হবে। এছাড়া রথযাত্রার প্রভাব যেন নির্বাচনের উপরও বেশি করে পড়ে সেজন্য আরও কিছুদিন পর যাত্রা করা হতে পারে বলেও মনে করা হচ্ছে।
এই রথযাত্রায় একটি সাজানো গাড়ি ব্যবহার করা হবে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ছাড়াও বিজেপির অন্য নেতাদের ছবি দিয়ে গাড়ি সাজানো হবে। একটি জেলায় একাধিক বিধানসভা ছুঁয়ে যাবে ওই যাত্রা। এছাড়া বিভিন্ন জায়গায় ছোট ছোট পথসভা করার পরিকল্পনাও রয়েছে। যে কোচবিহার জেলা থেকে এই যাত্রা শুরুর কথা ছিল, সেখানকার বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন বলেন, ‘আমাদের জানানো হয়েছে যে, ওই যাত্রা কিছুদিন পর থেকে শুরু হবে। সূচি পরিবর্তনও করা হয়েছে।’ অন্যদিকে আলিপুরদুয়ার জেলা বিজেপির এক নেতার মন্তব্য, এই রথযাত্রা বিজেপিকে বড় সুবিধা পেতে সাহায্য করবে। বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সফর করছেন। তাঁর পরেই বিজেপির রথযাত্রা পশ্চিমবঙ্গের ভোটের ময়দানে উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
