উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘রঈস’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন পাকিস্তানি অভিনেত্রী (Pakistani actress) মাহিরা খান (Mahira Khan)। এবার ব্যক্তিগত জীবন নিয়ে এক দারুণ সুখবর ভাগ করে নিলেন তিনি। খুব শীঘ্রই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন ৪১ বছর বয়সি এই জনপ্রিয় অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মাহিরা। একটি সাদা রংয়ের ঢিলেঢালা গাউন পরা স্ফীতোদরের ছবি (Child Bump Picture) পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমরা আমাদের মতো পরিকল্পনা করি ঠিকই, কিন্তু সব কিছুর উপরে থাকে ঈশ্বরের পরিকল্পনা।’ তাঁর এই ঘোষণার পরই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা ও সহকর্মীরা। ছবিতে অতিরিক্ত কোনও জাঁকজমক না রেখে এক হাত পেটে রাখা তাঁর সহজ ও সাবলীল ভঙ্গি মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলেছে।
বর্তমানে টরন্টো চলচ্চিত্র উৎসবে যোগ দিতে কানাডায় রয়েছেন মাহিরা। সেখানে একটি আলোচনাসভার সঞ্চালনা করার পাশাপাশি সিনেমায় বিশেষ অবদানের জন্য সম্মানিত হয়েছেন তিনি। কর্মজীবনের সাফল্যের মাঝেই ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে তাঁর।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। এর আগে প্রথম স্বামী আলি আসকারির সঙ্গে তাঁর একটি ১৭ বছরের ছেলে রয়েছে, যার নাম আজলান। মায়ের দ্বিতীয় বিয়ের অনুষ্ঠানেও প্রধান আকর্ষণ ছিল আজলান, যে নিজেই হাত ধরে মাহিরাকে বিয়ের আসরে পৌঁছে দিয়েছিল। ‘হমসফর’, ‘সদকে তুমহারে’, ‘বিন রোয়ে’-র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকের সুবাদে পাকিস্তানের পাশাপাশি আন্তর্জাতিক জগতেও ব্যাপক পরিচিতি অর্জন করেছেন মাহিরা।

