Dhurandhar | প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসে ‘ধুরন্ধর’-এর চিত্রনাট্য? জল্পনা উড়িয়ে বিস্ফোরক রাকেশ বেদী

Dhurandhar | প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসে ‘ধুরন্ধর’-এর চিত্রনাট্য? জল্পনা উড়িয়ে বিস্ফোরক রাকেশ বেদী

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রনবীর সিং অভিনীত ব্লকবাস্টার স্পাই থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘ধুরন্ধর’ (Dhurandhar) নিয়ে দীর্ঘদিনের একটি গুঞ্জনকে অবশেষে নস্যাৎ করে দিলেন বর্ষীয়ান অভিনেতা রাকেশ বেদী। ছবির চিত্রনাট্য নাকি খোদ প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) থেকে লেখা হয়েছে—এমন চর্চা দীর্ঘদিন ধরেই ছিল নেটপাড়ায়। সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে এই দাবিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিলেন অভিনেতা।

ছবির জনপ্রিয় একটি সংলাপকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত। ছবির একটি দৃশ্য নিয়ে রাকেশ বেদী বলেন, “মানুষ যখন বলল যে চিত্রনাট্য পিএমও থেকে এসেছে, তখন আমি হেসেছি। আমি তাদের চ্যালেঞ্জ করে বলেছি, পিএমও-তে এমন কে আছেন যিনি এই ধরনের সংলাপ লিখতে পারেন? এমনটা ভাবাও অসম্ভব!” অভিনেতা ছবির একটি বিশেষ সংলাপের উল্লেখ করে বলেন, এই ধরণের সংলাপ কেউ বাইরের চাপে লিখতে পারে না। এটি একান্তই সৃজনশীলতার ফসল।

রাকেশ বেদী আরও জানান, পরিচালক আদিত্য ধর প্রথমদিকে এই গম্ভীর স্পাই থ্রিলারে কমেডি ঢোকানোর ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলেন না। কিন্তু রাকেশ বেদী চিত্রনাট্যটি একাধিকবার পড়ার পর অনুভব করেন যে, এত টানটান উত্তেজনার মাঝে দর্শকদের একটু স্বস্তি বা ‘কমিক রিলিফ’ দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, “আমি আদিত্যকে বলেছিলাম, আমি কিছু জায়গা খুঁজে পেয়েছি যেখানে একটু হাস্যরস যোগ করা যেতে পারে। ও প্রথমে কিছুটা দ্বিধায় ছিল। কিন্তু আমরা যখন কাজ শুরু করি, ও নিজেও বিষয়টি উপভোগ করতে শুরু করে।” আর আজ রাকেশ বেদী অভিনীত সেই চরিত্র ‘জামিল জামালি’ ফ্র্যাঞ্চাইজির অন্যতম আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।

২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পায় রণবীর সিং (Ranveer Singh) অভিনীত এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি। এরপর ১৯ মার্চ, ২০২৬-এ মুক্তি পায় এর সিক্যুয়েল। ছবিটিতে রণবীরের সাথে রয়েছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর. মাধবনের মতো তারকারা। পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটে একজন ভারতীয় গুপ্তচরের আন্ডারকভার এজেন্ট হিসেবে বেঁচে থাকার লড়াই দর্শকদের ব্যাপকভাবে আকর্ষণ করেছে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি নিয়ে যে উন্মাদনা, তাকে এককথায় ‘অভূতপূর্ব’ বলেই আখ্যা দিয়েছেন রাকেশ বেদী।ছবিটি এখন বিশ্বজুড়ে স্ট্রিমিং প্ল্যাটফর্মেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *