Kunal Ghosh | দলবদল ও সুবিধাবাদ! কোয়েল-রঞ্জিত মল্লিককে তীব্র কটাক্ষ কুণাল ঘোষের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ রাজনীতির রং বদলাতেই টলিপাড়ার অন্দরমহলে এবং রাজনৈতিক বৃত্তে শুরু হয়েছে তীব্র তরজা। তৃণমূল জমানার সুবিধাভোগী তারকারা কেন রাতারাতি শিবির বদল করছেন, তা নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুললেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick) এবং বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিককে নিশানা করার পাশাপাশি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তারকা প্রীতি নিয়েও তীক্ষ্ণ কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি।

তৃণমূল কংগ্রেসের আমলে টলিউডের বহু তারকাকে ভোটের ময়দানে কিংবা দলের বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক মঞ্চে দেখা গিয়েছে। সেই তালিকায় অন্যতম মুখ ছিলেন কোয়েল মল্লিক এবং তাঁর বাবা রঞ্জিত মল্লিক। চলতি বছরেই তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন কোয়েল। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তন ঘটতেই সেই সম্পর্কে ছেদ পড়ে। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে কোয়েল মল্লিক এখন বিজেপির (BJP) মনোনীত প্রার্থী হিসেবে উচ্চকক্ষে যাওয়ার পথে।

এই দলবদলকে ঘিরেই আপত্তি তৃণমূল নেতা কুণাল ঘোষের!  কোয়েল ও রঞ্জিত মল্লিককে একহাত নিয়ে তিনি সোজাসাপ্টা ভাষায় বলেন, “রঞ্জিতবাবু বা কোয়েল মল্লিক নিজেদের সম্মানের প্রতি সুবিচার করলেন না।”

তাঁর আরও সংযোজন, “যখন মমতা মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তৃণমূলের সাংসদ হতে খুব ভালো লাগছিল! উনি মুখ্যমন্ত্রী নেই, সঙ্গে সঙ্গে বিজেপি-তে যেতে হল? তখনই তো প্রশ্ন ওঠে দিদিমণি এই সমস্ত জিনিসপত্রকে নিয়েছিলেন কেন?”

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, পালাবদলের পর টলিউডের তারকাদের একটা বড় অংশের এই দলবদলের ট্রেন্ড নতুন নয়। ক্ষমতার পালাবদল ঘটতেই যেভাবে পদ্মশিবিরের দিকে তারকাদের ভিড় বাড়ছে, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করেছে কুণাল ঘোষের এই বিস্ফোরক মন্তব্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *