উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এবার ডিম হামলার শিকার হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার কালীঘাটে (Kalighat) প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাসভবনের অদূরেই এই ঘটনা ঘটে। একেবারে সামনে থেকেই কুণালের দিকে ডিম ছুড়ে মারা হয়।
জানা গিয়েছে, এদিন বিকেলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন বিধায়ক কুণাল ঘোষ। ঠিক তখনই অতর্কিতে হামলাটি হয়। আচমকাই চন্দন নামে এক যুবক তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়েন। ডিমটি সরাসরি বিধায়কের মাথায় লাগে।
হামলার পরই ওই যুবক চিৎকার করে বলেন, ‘অনেক অত্যাচার করেছেন উনি, এটা ওনার প্রাপ্য ছিল।’ এরপরই দ্রুত ওই এলাকা ছেড়ে পালিয়ে যান। এদিকে, ঘটনার আকস্মিকতায় হতভম্ব কুণাল ঘোষ বলেন, ‘মমতাদির বাড়ি থেকে বেরিয়ে আমি নিরস্ত্র অবস্থায় কথা বলছিলাম। দু’জন যুবক আমার হাতের কাছেই ছিল। হঠাৎ একজন ডিম ছুড়ে পালিয়ে গেল। কেউ প্রতিবাদ করল না বা ধরার চেষ্টাও করল না।’
এই ঘটনার পরই রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। তিনি প্রশ্ন তোলেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি যেখানে জেড ক্যাটাগরির নিরাপত্তা বলয়ে থাকে, সেই বাড়ির মাত্র ১০ মিটারের মধ্যে এমন ঘটনা কী করে ঘটে? নিরাপত্তা কোথায়?’
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের উপর ‘ডিম হামলা’ যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ডিম হামলার পর থেকে রাজ্যের নানা প্রান্তে অনেক তৃণমূল নেতাই এই ধরনের আক্রমণের মুখে পড়ছেন। এবার তারই শিকার হলেন কুণাল ঘোষও।
