Cooch Behar | বিগ বাজেটের থিমে শ্যামা আরাধনা

Cooch Behar | বিগ বাজেটের থিমে শ্যামা আরাধনা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


কোচবিহার: কালীপুজোও এখন থিমনির্ভর। আর রাজার শহরের কালীপুজোতেও মিলবে বিগ বাজেটের ছোঁয়া। দুর্গাপুজোর আবহ মিটতেই এবার কালীপুজোর তোড়জোড় শুরু করেছেন ক্লাব উদ্যোক্তারা। অবশ্য স্থানীয় শিল্পীদের ওপরই সকলেই ভরসা রাখছেন। পুজোকে কেন্দ্র করে কোথাও থিমসজ্জার কাজ শুরু হয়েছে। আবার কোথাও শেষ মুহূর্তে মিটিংয়ে ব্যস্ত উদ্যোক্তারা।

শহরের গোলবাগান ক্লাব প্রতিবারই বিগ বাজেটের কালীপুজো করে থাকে। এবার এই পুজো ৭৭তম বর্ষে পদার্পণ করল। পুজোকে কেন্দ্র করে তিনদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানকার মূল আকর্ষণ। থিমসজ্জাতেও থাকবে বিশেষ চমক। এ বছর তাদের পুজোর বাজেট ১০ লক্ষ টাকা। প্রতিবারের মতো এবারেও তাদের থাকবে ডাকের সাজের প্রতিমা। বিসর্জনের দিন ১০০ ঢাকি সহ শোভাযাত্রার ভাবনা রয়েছে। ক্লাবের সম্পাদক দেবাশিস দাস বলেন, ‘পুজোকে কেন্দ্র করে বস্ত্র বিতরণ, শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।’

শহরের সিলভার জুবিলি রোড এলাকার নেতাজি সংঘের পুজো ৭৩তম বর্ষে পদার্পণ করল। এই পুজোর বাজেট ৮ লক্ষ টাকা। ক্লাবঘরে ডাকের সাজের প্রতিমার পাশাপাশি থিমসজ্জাতেও থাকবে চমক। দর্শনার্থীদের মন জয় করতে থাকবে চন্দননগরের আলোকসজ্জা। উদ্যোক্তাদের পক্ষে সৌরভ চক্রবর্তী বলেন,‘পুজো উপলক্ষ্যে সামাজিক কাজকর্মের পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।’

ছোটদের মন জয় করতে ভৌতিক পরিবেশে এবার কালীপুজো করবে বিবেক সংঘ। ২৮তম বর্ষে এই পুজোর থিম ‘অলৌকিক।’ বাজেট রয়েছে ৫ লক্ষ টাকা। উদ্যোক্তারা জানিয়েছেন, গুহার মধ্যে মূল থিম ফুটে উঠবে। সেখানে থাকবে অলৌকিক দেবীমূর্তি। ক্লাবের স্থায়ী মন্দিরে থাকবে ডাকের সাজের অপর একটি প্রতিমা। রাস্তাজুড়ে থাকবে চন্দননগরের আলোকসজ্জা। চারদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে সেলফি জোনও।

এদিকে, পামতলা ইউনিট ৬৯তম বর্ষে করছে কাল্পনিক মন্দিরে ডাকের সাজের প্রতিমা। বাজেট ৪ লক্ষ টাকা। সহ সম্পাদক অশোকতরু তালুকদার বলেন, ‘পুজোকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিচিত্রা অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।’ বিবেকানন্দ স্ট্রিট এলাকার সতীর্থ সংঘ ও পাঠাগারের পুজো এবার ৫১তম বর্ষে পদার্পণ করল। ভৌতিক পরিবেশের আদলেই তাদের মণ্ডপসজ্জা হবে বলে ক্লাব সম্পাদক সাধন দেব জানিয়েছেন। তাঁদের পুজোর বাজেট ৩ লক্ষ টাকা। দীপ্তি সংঘ এবার ৪৭তম বর্ষের পুজো উপলক্ষ্যে মশাল দৌড়ের আয়োজন করছে। পুজোর বাজেট প্রায় ২ লক্ষ টাকা। ক্লাবে থাকবে ডাকের সাজের প্রতিমা। রাস্তাজুড়ে আলো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *