কান্দি: প্রধানমন্ত্রী মোদির সভায় যোগ দিতে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় মৃত ৩ বিজেপি সমর্থকদের বাড়িতে শনিবার হাজির হল তৃণমূলের প্রতিনিধি দল। খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এদিন সেখানে যান তাঁরা। উল্লেখ্য, মৃত ৩ বিজেপি সমর্থকের নাম- মুক্তিপ্রদ সূত্রধর, রামপ্রসাদ ঘোষ এবং ভৈরব ঘোষ।
মুর্শিদাবাদের কান্দি মহকুমার অন্তর্গত বড়ঞা এলাকার ওই মৃত বিজেপি সমর্থকদের বাড়িতে এদিন হাজির হন তৃণমূলের একাধিক নেতা। ব্লক তৃণমূল সভাপতি মাহে আলম, গোলাম মোর্শেদ-সহ একাধিক তৃণমূল নেতা এদিন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন।
অন্যদিকে, ঘটনার গুরুত্ব বিবেচনা করে পূর্ব রেলের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে রেলমন্ত্রক।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে মুর্শিদাবাদ থেকে একটি দল তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। এর পরই রেলস্টেশনের কাছে রেললাইনের ধারে প্রাতঃকৃত্য সারতে যান তাঁদের মধ্যে কয়েক জন। সেই সময় দ্রুতগতির একটি ট্রেন এসে ধাক্কা মারলে চার জন লাইনের উপর ছিটকে পড়েন। আঘাতের তীব্রতায় ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।ঘটনায় পুরো গ্রাম জুড়ে শোকের আবহাওয়া নেমে এসেছে।
এদিন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার পর তৃণমূলের ওই প্রতিনিধি দল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “আমরা দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকতে চাই, সেই কারণে কে বিজেপিকে তৃণমূল সেটা আমরা গুরুত্ব না দিয়ে এই এতগুলো অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে।”
