India Press Freedom Rank | সংবাদমাধ্যমের কণ্ঠরোধ? বিশ্ব তালিকায় ১৫৭ নম্বরে ভারত, শীর্ষে নরওয়ে

India Press Freedom Rank | সংবাদমাধ্যমের কণ্ঠরোধ? বিশ্ব তালিকায় ১৫৭ নম্বরে ভারত, শীর্ষে নরওয়ে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রকাশিত রিপোর্টে ফের বড়সড় ধাক্কা খেল ভারত। আন্তর্জাতিক সংস্থা ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ (RSF)-এর ২০২৬ সালের বার্ষিক রিপোর্টে দেখা যাচ্ছে, ১৮০টি দেশের মধ্যে ভারতের স্থান গত বছরের চেয়ে ৬ ধাপ নেমে ১৫৭-তে দাঁড়িয়েছে। ২০২৫ সালে ভারতের অবস্থান ছিল ১৫১তম। ২০২৪ সালে ১৫৯ নম্বর থেকে কিছুটা উন্নতি করলেও, ২০২৬-এর পরিসংখ্যানে ফের ভারতের অবস্থানের অবনমন হয়েছে (India Press Freedom Rank)

৩ মে বিশ্ব প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসের প্রাক্কালে (World Press Freedom Index 2026) প্রকাশিত এই রিপোর্টে বলা হয়েছে, সারা বিশ্বেরই সংবাদমাধ্যমের স্বাধীনতা বর্তমানে এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আরএসএফের মতে, গত ২৫ বছরে ১৮০টি দেশ ও অঞ্চলের গড় স্কোর কখনও এতটা খারাপ হয়নি। বর্তমানে অর্ধেকেরও বেশি দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা ‘কঠিন’ বা ‘খুব সিরিয়াস’ পর্যায়ে রয়েছে। তালিকায় ভারতের পিছনে রয়েছে ভেনেজুয়েলা, সুদান, ইরাক, চিন এবং উত্তর কোরিয়ার মতো দেশ। তবে উদ্বেগজনক বিষয় হলো, গত বছর ভারতের নিচে থাকা পাকিস্তান (১৫৩), প্যালেস্টাইন (১৫৬), ভুটান (১৫০) এবং সিরিয়া (১৪১) এবার ভারতের ওপরে স্থান করে নিয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে নরওয়ে। এর পরেই রয়েছে নেদারল্যান্ডস, এস্টোনিয়া, ডেনমার্ক ও সুইডেন।

আরএসএফের রিপোর্টে ভারতের অবনতির কারণ হিসেবে জাতীয় সুরক্ষা সংক্রান্ত আইনের ক্রমবর্ধমান ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এর ফলে সাংবাদিকদের কাজের পরিবেশ দিনদিন অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে। মাঠ পর্যায়ে কাজ করা সাংবাদিকদের সরাসরি লক্ষ্যবস্তু করা হচ্ছে অথবা আইনি হেনস্তার মুখে পড়তে হচ্ছে। আর্থিক, আইনি, রাজনৈতিক, সামাজিক এবং নিরাপত্তাজনিত—এই পাঁচটি বিশেষ মাপকাঠির ভিত্তিতে প্রেস স্বাধীনতার স্তর নির্ধারণ করেছে সংস্থাটি। এই প্রতিটি ক্ষেত্রেই ভারতের স্কোর সন্তোষজনক নয় বলে রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের এই ক্রমাবনতি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের স্বাস্থ্য নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *