ব্যাট হাতে মাঠে নেমে রেকর্ড গড়াটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে বিহারের সমস্তিপুরের এই তারকা। বৈভব সূর্যবংশী। ১৫ বছরের কিশোর বাইশ গজে নামা মানেই ঝড় উঠবেই। চলতি আইপিএলে ৯ ইনিংসে ৪০০ রান করে কমলা টুপির লড়াইয়ে তৃতীয় স্থানে সে। এত কম বয়সে এমন পরিণত ব্যাটিং দেখে অনেকেই তার সঙ্গে ব্রায়ান লারার মিল পেয়েছেন। তবে অবশেষে খোঁজ মিলল বৈভবের দুর্বলতার। যা দেখিয়ে দিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বিশপ।
এই বিষয়ে আরও খবর
পনেরো বছরের বৈভবের ক্রিকেটে অনেকে এতটাই প্রভাবিত হয়েছেন যে, তাঁদের মনে হচ্ছে এক বছরের মধ্যে ভারতীয় টেস্ট টিমেও চলে আসতে পারে এই তরুণ প্রতিভা। রাজস্থান রয়্যালসের কিশোর ওপেনার গত আইপিএল থেকেই যেরকম ভয়ডরহীন ক্রিকেট খেলছে, তা দেখে মুগ্ধ প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার। এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বিশপ বলেন, “ও মানসিকভাবে এবং চারিত্রিক দিক থেকে খুবই শক্তপোক্ত। কারণ ও বিশ্বের সেরা অনেক বোলারের মুখোমুখি হয়েছে। অর্থাৎ বিশ্বের সেরাদের সামনাসামনি হওয়ার জন্য যে মানসিক গঠনের দরকার, তা ওর রয়েছে। ও বুমরাহর সামনাসামনি হয়েছে। টেকনিক্যালিও বৈভব অনন্য। ওর ব্যাটের সুইং অনেকটা বেসবলের মতো।”
ক্রিকেট বিশ্লেষক বিশপ মনে করেন, কিশোর প্রতিভা সূর্যবংশীর ব্যাটিং টেকনিকে কিছু দুর্বলতা থাকলেও তার আগ্রাসী ও পালটা আক্রমণের ক্ষমতা অনেক সময় সেই সীমাবদ্ধতাগুলোকে ঢেকে দেয়। তিনি বলেন, “ওর ঠিক কী দুর্বলতা, তা বলা খুব কঠিন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এবং সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ব্যাক অফ দ্য লেংথ ডেলিভারিতে আউট হয়েছিল ও। কিন্তু যদি সেটা নিখুঁত না হয়, তাহলে সেই বল অনায়সে মাঠের বাইরে পাঠিয়ে দিতে পারে সে।”
প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার মনে করছেন, এই আগ্রাসী মানসিকতাই বৈভবকে আরও বিপজ্জনক করে তোলে। কারণ ভুল বলও অনেক সময় তার ব্যাটে পৌঁছে বাউন্ডারির বাইরে চলে যায়। উল্লেখ্য, আইপিএল ইতিহাসের দ্রুততম ক্রিকেটার হিসাবে এক মরশুমে ৪০০ রান করার কৃতিত্বও অর্জন করেছে বৈভব। তাও আবার অবিশ্বাস্য স্ট্রাইক রেটে। ২৩৮.১০। উল্লেখ্য, চলতি বছরেই ভারতীয় দলে অনেকেই বৈভবকে দেখতে চাইছেন অনেকে। এমনকী ১৫ বছরের বিস্ময় প্রতিভাকে নিয়ে ইতিমধ্যে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বিসিসিআই। সম্ভবত আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মেন ইন ব্লু-দের সঙ্গে দেখা যাবে বৈভবকে। আর যদি সেটা হয়, তাহলে শচীন তেণ্ডুলকরকে ছাপিয়ে ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের নজির গড়বে বৈভব। উল্লেখ্য, শুক্রবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। সেখানে অজি পেসার মিচেল স্টার্ক বনাম বৈভবের দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে ক্রিকেট মহল।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
