হরিশ্চন্দ্রপুর: মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরে (Harishchandrapur) অবৈধ সম্পর্কের জেরে এক গৃহবধূকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল তাঁর দেওরের বিরুদ্ধে। শনিবার রাতে হরিশ্চন্দ্রপুরের রামনগর বাইসা এলাকায় এই বর্বরোচিত ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত দেওরকে গ্রেপ্তার করেছে।
নিহত মহিলার নাম অমৃতা ওরাও (২৭) এবং ধৃতের নাম পাঁচু ওরাও। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় মৃতার স্বামী নন্দলাল ওরাও বাড়িতে ছিলেন না। দুই নাবালক ছেলে বাইরে খেলা করছিল আর রান্নাঘরে রান্না করছিলেন অমৃতা। সেই সুযোগে পিছন থেকে হঠাৎই ধারাল কুড়ুল নিয়ে বৌদির ওপর চড়াও হয় পাঁচু। ধারালো অস্ত্রের কোপে গলা কেটে ঘটনাস্থলেই খুন করা হয় তাঁকে। অমৃতার আর্তনাদে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান চাঁচলের (Chanchal) এসডিপিও সোমনাথ সাহা ও আইসি সুমিত কুমার ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুরো এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালিয়ে অভিযুক্ত পাঁচুকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অমৃতার সঙ্গে তাঁর দেওরের অবৈধ সম্পর্ক ছিল। তবে সম্প্রতি অমৃতা তাঁকে এড়িয়ে চলতে শুরু করায় এবং অন্য কারও সঙ্গে সম্পর্কের সন্দেহে আক্রোশ থেকেই এই খুন বলে ধারণা করা হচ্ছে।

