উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়ার(Priyanka Chopra) আত্মবিশ্বাস এবং সাহসিকতার প্রশংসা বরাবরই করতে দেখা গেছে ভক্তদের। তবে এবার তিনি যে কাজটি করেছেন তাতে তার স্বামী থেকে শুরু করে নেটিজেনরা সকলেই অবাক। সাদা টপ আর ডেনিম জিন্স পড়ে গলায় আস্ত সাপ ঝুলিয়ে নিয়েছেন প্রিয়াঙ্কা। আর সেই ছবি ও ভিডিও ইন্সটাগ্রামে পোস্ট হতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে তার স্বামী নিক জোনাসকে কৌতুক করে বলতে শোনা যায়, ‘তোমার এই নতুন গয়না আমার সত্যিই খুব পছন্দ হয়েছে।’ উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘ধন্যবাদ, এটা গয়না নয়, এটা সত্যিকারের সাপ।’ অভিনেত্রী স্বচ্ছন্দে সাপের সঙ্গে পোজ দিলেও নিক যে খানিক ভয়ে রয়েছেন তা স্পষ্ট। যা দেখে মজা পাচ্ছেন প্রিয়াঙ্কাও। সাপের সঙ্গে প্রিয়াঙ্কা বন্ধুত্ব করতে চাইলেও নিক এসব থেকে অনেক দূরে। প্রিয়াঙ্কা তাঁর ভক্তদের জন্য সাপের সঙ্গে তাঁর আগের তোলা বেশ কিছু ছবি শেয়ার করেন। যার মধ্যে একটিতে তাঁর গলায় দেখা যাচ্ছে হলুদ অজগর ঝুলছে এবং অন্যটিতে কালো সাপ দেখা যাচ্ছে গলায়। আরেকটি ছবিতে হাতে কোবরা ধরে থাকতেও দেখা যাচ্ছে অভিনেত্রীকে। যা দেখেই বোঝা যাচ্ছে প্রিয়াঙ্কার এসবে ভয় নেই। ভক্তরা প্রিয়াঙ্কার(Priyanka Chopra) এমন সাহসের প্রশংসা না করে পারেননি। কারও মন্তব্য, ‘তোমার ছবিটা আমাকে টানা তিন রাত ধরে তাড়া করে বেড়াবে, প্রিয়াঙ্কা।’ কেউ বললেন, ‘বিপজ্জনক!’ কেউ বা নিক জোনাসের মুখটা দেখার পরামর্শ দিলেন অভিনেত্রীকে। বর্তমানে একঝাঁক সিনেমার কাজ রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার হাতে। ভারতে, তিনি এসএস রাজামৌলি পরিচালিত মহেশবাবু এবং পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত একটি অ্যাকশন-অ্যাডভেঞ্চার চলচ্চিত্রে অভিনয় করছেন। যা ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা।
