উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বিশ্ব হাতি দিবস উপলক্ষে জাম্বো ট্রুপস এবং গরুমারা (Gorumara) জাতীয় উদ্যানের যৌথ উদ্যোগে গরুমারা জাতীয় উদ্যানে বিভিন্ন আকর্ষণীয় ও জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। হাতি সংরক্ষণের বার্তা প্রচারের পাশাপাশি এই দিনটিকে বিশেষ করে তুলতে নেওয়া হয় একাধিক জনকল্যাণমূলক পদক্ষেপ।
এদিন শিশুদের জন্য বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়, যাতে ছোট থেকেই বন্যপ্রাণ ও হাতি সংরক্ষণের গুরুত্ব তাদের মনে গেঁথে দেওয়া যায়। পাশাপাশি, বন বিভাগের হাতিগুলির দেখাশোনা করার দায়িত্বে থাকা কর্মরত মাহুত এবং পাটাওয়ালাদের জন্য একটি বিশেষ স্বাস্থ্য পরীক্ষার ক্যাম্পের আয়োজন করা হয়। বন টহলদারির কাজে গরুমারায় (Nationwide Park) বর্তমানে বন বিভাগের ৩২টি হাতি রয়েছে।
মালবাজার হাসপাতালের (BMOH)-এর পক্ষ থেকে একদল চিকিৎসককে এই স্বাস্থ্য শিবিরে পাঠানো হয়, যাঁরা মাহুত ও পাটাওয়ালাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। শিবির শেষে তাঁদের হাতে প্রয়োজনীয় ছোট কিট তুলে দেওয়া হয়।
১২ আগস্ট বিশ্ব হাতি দিবস উপলক্ষে সাধারণ কেকের পরিবর্তে সম্পূর্ণ ফল দিয়ে তৈরি একটি বিশেষ ফলের কেক কাটা হয়। বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে গরুমারায় অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয় বিশ্ব হাতি দিবস।

