Mahananda river scholar drowning | স্কুল পালিয়ে মহানন্দা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল অষ্টম শ্রেণির ছাত্র! নিখোঁজ কিশোরের খোঁজে তল্লাশি এসডিআরএফের

শিক্ষা
Spread the love


কিশনগঞ্জ: স্কুল পালিয়ে বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে গভীর জলে তলিয়ে গেল এক স্কুলছাত্র। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে বিহারের কিশনগঞ্জ শহরের অদূরে চাকলা গ্রামের মহানন্দা নদীতে (Mahananda river scholar drowning)। নিখোঁজ ওই ছাত্রের নাম মহম্মদ কাদির (১৪)। সে খাগড়ার বাসিন্দা এবং স্থানীয় বেথল মিশন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। ঘটনার পর থেকেই এলাকায় ও ছাত্রটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বেথল মিশন স্কুলের অষ্টম শ্রেণির চারজন ছাত্র স্কুল থেকে পালিয়ে কিশনগঞ্জ শহরের অদূরে চাকলা ঘাটের মহানন্দা নদীতে স্নান করতে যায়। স্নান করার সময় হাড়হিম করা ঘটনা ঘটে, মহম্মদ কাদির নদীর অতল জলে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা অন্য তিন বন্ধু— বিশ্বজিৎ কুমার, অনুপম কুমার এবং গৌর পাসোয়ান সাঁতরে কুণ্ডলী পাকানো জল থেকে কোনোমতে তীরে উঠতে সক্ষম হয়।

বন্ধুদের আর্তনাদ ও চিৎকারে নদীর আশেপাশের স্থানীয় মানুষ ও জেলেরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং নিজ উদ্যোগে উদ্ধারকার্য শুরু করেন। পাশাপাশি গ্রামবাসীদের পক্ষ থেকে তৎক্ষণাৎ কিশনগঞ্জ সদর থানা এবং এসডিআরএফ (SDRF)-কে খবর দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, ঘটনার খবর পাওয়ার প্রায় এক ঘণ্টা পর এসডিআরএফ দল ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং তল্লাশি অভিযান শুরু করে। ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যাওয়ায় শেষ খবর পাওয়া পর্যন্ত নদীর জলে নিখোঁজ রয়েছে কিশোর কাদির। এই ঘটনার পর জেলা প্রশাসনের বড় কর্তারা ও পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন। ডুবুরি ও উদ্ধারকারী দল নদীর বিভিন্ন অংশে জালের সাহায্যে নিখোঁজ ছাত্রের খোঁজ চালাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *