West Bengal Election Outcomes 2026 | উত্তরে ‘উলটপুরাণ’: রায়গঞ্জে পদ্ম-ঝড়, ইসলামপুরে অক্ষত ঘাসফুলের দুর্গ

West Bengal Election Outcomes 2026 | উত্তরে ‘উলটপুরাণ’: রায়গঞ্জে পদ্ম-ঝড়, ইসলামপুরে অক্ষত ঘাসফুলের দুর্গ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার দুটি মহকুমা। রায়গঞ্জ ও ইসলামপুর। দুই মহকুমায় ঠিক যেন বিপরীত ফল (West Bengal Election Outcomes 2026)। রায়গঞ্জে (Raiganj) যেখানে মুখ পুড়েছে তৃণমূলের, সেখানে ইসলামপুরে (Islampur) ঘাসফুলেরই জয়জয়কার। রায়গঞ্জে ৫টির মধ্যে কেবল ইটাহার আসনটি ধরে রাখতে পেরেছেন তৃণমূলের প্রার্থী তথা বিধায়ক মোশারফ হোসেন। বাকি রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ ও করণদিঘিতে ফুটেছে পদ্ম। অন্যদিকে, ইসলামপুর মহকুমার অধীনে থাকা চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর এবং চাকুলিয়া- চারটে বিধানসভা আসনেই জয় পেয়েছে তৃণমূল।

গত ২০২১ সালের নির্বাচনে জেলার ৯টি আসনের মধ্যে রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ আসনে জয় পেয়েছিল বিজেপি। ৭টি তৃণমূল। পরে দলবদলের জেরে শেষপর্যন্ত তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যায় ৮টি আসন। আর বিজেপিকে খুশি থাকতে হয় মাত্র ১টি আসন নিয়েই। সেখানে এবার শক্তি বাড়িয়ে বিজেপির দখলে এল ৪টি আসন। কালিয়াগঞ্জ তো ছিলই, তার পাশাপাশি রায়গঞ্জ, হেমতাবাদ ও করণদিঘি আসন তৃণমূলের থেকে ছিনিয়ে নিল বিজেপি। কালিয়াগঞ্জ আসনে তৃণমূল কংগ্রেসের নিতাই বৈশ্যকে প্রায় ৭৭ হাজার ভোটে পরাজিত করেছেন বিজেপির উৎপল মহারাজ। প্রায় সাড়ে ১২ হাজার ভোটে বিজেপির হরিপদ বর্মনের কাছে পরাজিত হলেন হেমতাবাদের বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরীর কাছে প্রায় ৫৮ হাজার ১১৩ ভোটে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। করণদিঘিতে বিজেপির বিরাজ বিশ্বাসের কাছে প্রায় ২০ হাজার ভোটে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের গৌতম পাল। সিপিএমের হাজি সাহাবুদ্দিন প্রচারে সকলকে টেক্কা দিলেও শেষে ৩৭ হাজার ভোট পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। ইটাহার আসনে তৃণমূল প্রার্থী মোশারফ হোসেন প্রায় ২৭ হাজার ভোটে বিজেপির সবিতা বর্মনকে পরাজিত করেছেন। এছাড়া চোপড়া বিধানসভা কেন্দ্র থেকে হামিদুল রহমান ৬৯ হাজার ১২৪ ভোটে, ইসলামপুর থেকে কানাইয়ালাল আগরওয়াল ৪০ হাজার ৬৩ ভোটে, গোয়ালপোখর থেকে গোলাম রব্বানি ৮৩ হাজার ৭৯০ এবং চাকুলিয়া থেকে মিনহাজুল আরফিন আজাদ ২৮ হাজার ভোটে জয়ী হন।

গতকাল সকালে রায়গঞ্জের পলিটেকনিকে ভোটগণনাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়ে গণনাকেন্দ্রে। প্রথম রাউন্ড শুরু হতেই একাধিক ইভিএমে ৯০ শতাংশের বেশি চার্জ দেখা যাওয়াকে ঘিরে আপত্তি তোলেন তৃণমূল কংগ্রেসের কাউন্টিং এজেন্টরা। তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন স্ট্রংরুমে রাখা ইভিএমে এত বেশি চার্জ থাকা অস্বাভাবিক। পরে আবার ভোটগণনা শুরু হয়।

রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীকে হারানোর পর বিজেপির কৌশিক চৌধুরী বলেন, ‘সাধারণ মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। তাই তাঁদের পাশে সবসময় থাকব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *