Geetashree Sandhya Mukhopadhyay | সান্ধ্যআকাশে ‘না’-এর ইন্দ্রধনু

ব্লগ/BLOG
Spread the love


মনোনীতা চক্রবর্তী

না? হ্যাঁ, না। নাহ, এতে কোনও ‘হ্যাঁ’ লেগে নেই। যদিও ‘সন্ধ্যা’, তবু মাঝআকাশের গনগনে প্রখর সূর্যের অনমনীয় দৃঢ়তায় ‘তীব্র মা’–এ দাঁড়িয়ে আছে ‘না’…

কোনও হুংকার নেই। আছে ঝংকার।

রেওয়াজ অদৃশ্য।

অপেক্ষা অদৃশ্য।

প্রত্যাখ্যান অদৃশ্য।

এবারে ‘হ্যাঁ’–তে আসতেই হল এতগুলো ‘না’ পেরিয়ে। গলাবাজি, দেখনদারি সমাজ যখন ভাঙা কোমর নিয়ে মুখ থুবড়ে পড়ে নিজেদের ‘বিশ্বজয়ী’ ভেবে বসছেন, তখন সম্রাজ্ঞী চিনিয়ে দিলেন, সুরে দীর্ঘক্ষণ দাঁড়াতে গেলে আগে জীবনবোধে দাঁড়াতে জানতে হয়। না, গলা ফাটিয়ে নয়, ঝড় তুলে। সব আলো আলো নয়, যেমন সব অন্ধকার অন্ধকার নয়। এই ঝড় আসলে নিভৃতিতে বলে যায় ‘সা’তে যে দাঁড়াতে জানে, তাঁর নাভিমূলের ক্ষমতার কথা, শিরদাঁড়ার সাবালকত্বের কথা।

কী আশ্চর্য অনুষঙ্গ! এই ‘সন্ধ্যা’ নামটির মধ্যে যেন জড়িয়ে আছে মায়াবতী মেঘের আকুল তন্দ্রা; আলো-আঁধারির অনিবার্য হরকত; দিনের সমস্ত কোলাহল পেরিয়ে যে সময়টি অবলীলায় ফিরতে পারে দরবারি ছুঁয়ে নিজের গহনে! এ যেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়-এরই ঋজু ছায়াশরীর (Geetashree Sandhya Mukhopadhyay)। অহংকার, অলংকার– এসবের থেকে লক্ষ যোজন দূরে থেকে তিনি হৃদয়গানে বেঁধেছিলেন আত্মমর্যাদার তীব্র স্বর। কণ্ঠে চিরচেনা মানুষটির নীতিবোধের দিকটি জোড়ালাগা যমজ সন্তান যেন দুটি ভিন্ন সত্তার… এই বৈপরীত্য আসলে একটি সুসংহত শক্তি। সমাজের দিকে ছুড়ে দেওয়া অনেক অনেক প্রশ্নচিহ্ন। এবং ভিন্ন স্বর।

সময়টা ২০২২। সেই স্বর আরও একবার স্পষ্ট হয়ে উঠেছিল ভীষণ! নব্বই বছর বয়সে, প্রায় আট দশকের সংগীতজীবন পার হওয়ার পরে তাঁকে ‘পদ্মশ্রী’ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তিনি সেই সম্মান গ্রহণ করেননি। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, এত দীর্ঘ ও সমৃদ্ধ শিল্পীজীবনের পরে এই পর্যায়ে ‘পদ্মশ্রী’ গ্রহণের প্রস্তাব তাঁর কাছে যথাযথ মর্যাদার মনে হয়নি। উনি ফোনে সরাসরি বলেছিলেন এটা অপমানজনক। মেয়ে সৌমী সেনগুপ্ত জানিয়েছিলেন, ‘Padma Shri is extra deserving for a junior artiste.’

আর নিজে বলেছিলেন, ‘After so a few years, I’ve been chosen for the award. I can’t settle for it as it’s demeaning.’

নামী এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘They don’t even know in regards to the works I’ve achieved… They contacted me on the final second.’

ঘটনাটি শুধু পুরস্কার প্রত্যাখ্যানের নয়। এখানে মুখোমুখি দাঁড়ায় দুটি ধারণা- রাষ্ট্রের দেওয়া স্বীকৃতি এবং শিল্পীর নিজের কাছে নিজের স্বীকৃতি। রাষ্ট্র পুরস্কার দিতেই পারে। প্রতিষ্ঠান একটি সম্মান দিতেই পারে। সমাজ একজন শিল্পীর জন্য নানা অভিধা তৈরি করতে পারে। কিন্তু একজন শিল্পী তাঁর নিজের শিল্পীজীবনের মূল্য কোথায় স্থাপন করবেন, সেই সিদ্ধান্তটি শেষপর্যন্ত তাঁর নিজের।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের ‘না’ তাই কোনও পুরস্কারের বিরুদ্ধে বিদ্বেষ নয়; বরং নিজের দীর্ঘ শিল্পসাধনার নির্দিষ্ট মূল্যবোধের ভিতর থেকে উচ্চারিত সিদ্ধান্ত। একটা সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ।

শুধু তাই-ই নয়, তাঁর প্রতিবাদী সত্তার আরও পরিচয় আমরা পাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতাকামী শক্তির গোপন রেডিও স্টেশন ‘স্বাধীন বাংলা বেতারকেন্দ্র’-র জন্য গান গেয়ে, উদ্বাস্তুদের জন্য বিনা পারিশ্রমিকে কনসার্ট করে টাকা তুলেছিলেন।

পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাচারের বিরুদ্ধে এবং মুক্তিকামী মানুষের সমর্থনে তিনি গানকে প্রতিরোধের অস্ত্র হিসেবে ব্যবহার করেন। তাঁর মানবিক ও প্রতিবাদী সত্তা বিশ্বমঞ্চে আলোড়ন তৈরি করেছিল।

পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের জানুয়ারিতে যখন শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন, তখন তাঁর আগমনকে উদযাপন করে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া ‘বঙ্গবন্ধু ফিরে এলো তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়’ গানটি কালজয়ী, প্রতিবাদী ও বিজয়ের দলিল হয়ে ওঠে।

বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া লক্ষ লক্ষ শরণার্থীর পাশে দাঁড়াতে তিনি অন্যান্য ভারতীয় ও বাঙালি শিল্পীদের সঙ্গে নিয়ে নিঃশুল্ক কনসার্ট ও গণ আন্দোলনে যোগ দেন এবং অর্থসংগ্রহ করেন।

আসলে উনি শুধু গান গাননি, সময়ের ডাকে সাড়াও দিয়েছেন। যা তাঁর মানবিক ও নৈতিক চরিত্রের পরিচয়ের প্রমাণ। আসলে, মানুষ ‘সন্ধ্যা’ ব্যক্তি ‘সন্ধ্যা’ শিল্পী ‘সন্ধ্যা’ সবটাই মজবুত ভিতে গড়া।

একা শুধু সন্ধ্যা নন, হেমন্ত মুখোপাধ্যায়ও ১৯৭০ সালে পদ্মশ্রী এবং ১৯৮৭ সালে পদ্মভূষণ ফিরিয়েছিলেন।

সন্ধ্যা যেন বলেছিলেন, আমার গানকে তোমরা যে নামে ডাকবে, যে পুরস্কারে মাপবে, যে মঞ্চে বসাবে, তা তোমাদের সিদ্ধান্ত; কিন্তু আমার শিল্পজীবনের মূল্য সম্পর্কে আমার নিজের একটি বোধ আছে।

এই বোধটি আজকের দিনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

কারণ, আমরা এমন এক অস্থির সময়ে বাস করছি, যখন শিল্পীর সাফল্যকে প্রায়ই সংখ্যায় মাপা হয়। কত দর্শক, কত অনুসারী, কত পুরস্কার, কত অনুষ্ঠান, কত প্রচার, কত ভিউ, রিয়্যাকশন, কমেন্টস, শেয়ার ব্লা ব্লা… শিল্পের মূল্য ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। অথচ শিল্পের সবচেয়ে গভীর অংশটি ছাইচাপা পড়ে আছে। এটা আসলে সেল্ফ নমিনেশনের যুগ, এখানে প্যাকেজ সিস্টেমে পুরস্কার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছায়।

পুরস্কার এখন বিক্রি হয়। সম্মাননা সমঝোতার রিবনে বাঁধা।

এরকম একটা সন্ধিক্ষণে সন্ধ্যা যেন সময়ের কাছে একটা সপাট নির্মেদ প্রশ্ন রেখে গেলেন। পর্দায় দৃশ্যমান শরীরটি নায়িকার, কিন্তু তার ভেতরের তীব্র আবেগ আর আত্মার ছন্দটি প্লেব্যাক গায়কের। সুচিত্রা সেনের রূপ আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠের সেই অলৌকিক একাত্মতা বাংলা চলচ্চিত্রে অমর হয়ে আছে। থাকবেও।

এই অদৃশ্যতার আড়ালে লুকিয়ে ছিল নারীশিল্পীর আত্মমর্যাদার সংগ্রাম এবং এক ঝাঁক প্রশ্ন। পুরুষতান্ত্রিক চলচ্চিত্র শিল্পের ছায়ায় নিজের শিল্পী পরিচয়কে বিলীন হতে দেননি সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর প্রতিরোধ উচ্চকিত ছিল না; ছিল আত্মবিশ্বাসে স্থির, সংযত অথচ অনমনীয় এক নীরব বিপ্লব।

আশ্চর্যের কথা, এত দীর্ঘ সাফল্যের পরও তাঁর সবচেয়ে শক্তিশালী স্বর ছিল একটি ‘না’।

সম্ভবত এটাই শিল্পীর স্বাধীনতার সবচেয়ে কঠিন জায়গা। ‘হ্যাঁ’–‘না’-এর এক্সচেঞ্জের কোনও জায়গাই সেখানে ছিল না। সুরে তিনি কোমল, কিন্তু সিদ্ধান্তে অনমনীয়। কণ্ঠে মায়া আর মেরুদণ্ডে লোহার দৃঢ়তা নিয়েই সম্পূর্ণ সন্ধ্যা মুখোপাধ্যায়। সুচিত্রা সেনের দৃশ্যমান অভিনয় আর সন্ধ্যার শ্রাব্য রূপায়ণের যুগলবন্দি বাংলা চলচ্চিত্রে নারীসত্তার এক অনন্য আলেখ্য।

এই যুগলবন্দির বাইরে ছিল তাঁর নিজস্ব স্বতন্ত্র রাজ্য, যার মূল ভিত্তি আত্মমর্যাদা। সংগীতশিল্পীর পরিচয় ছাড়িয়ে তিনি হয়ে উঠেছিলেন নিজের শর্তে বাঁচার এক অলিখিত প্রতীক। তাই রাষ্ট্রীয় অলংকারের মোহ কাটিয়ে তাঁর উচ্চারিত সেই প্রদীপ্ত ‘না’ কেবল প্রত্যাখ্যান ছিল না, ছিল শিল্পীর আত্মাধিকারের তীব্র স্ফুলিঙ্গ। ‘গীতশ্রী’ পরিচয়ের গভীরে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছেন, সম্মানের জন্য শুধু পাওয়ার অপেক্ষা নয়, কোন কোন সম্মান মাথা উঁচু করে ফিরিয়ে দিতে হয়, ফিরিয়ে দিতে জানতে হয়! এও এক শিল্প। সেই স্পর্ধাই একজন প্রকৃত শিল্পীর চরম স্বাধীনতা! উদারা, মুদারা এবং তারা সুস্পষ্ট…সন্ধ্যার সূর্য এমনই…আপনাকে অভিবাদন, প্রণাম…

সবার মেরুদণ্ড বিক্রি হয় না…

‘না’ মানে ‘না’!

(লেখক শিক্ষক)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *