Uploaded By: Sushmita Ghosh
শিলিগুড়ি: রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) ঠিক আগের মুহূর্তে শিলিগুড়িতে বড়সড়ো সাফল্য পেল পুলিশ। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ হিমাচল বিহার সংলগ্ন এপিসি কলেজের সামনে এক বিশেষ অভিযান চালায়। আর এই অভিযানেই উদ্ধার হয়েছে কয়েক হাজার টাকার জাল নোট (Faux Notice Seized)। এই ঘটনায় শিবাজী গুপ্তা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার (Arrest) করা হয়েছে, যে সিকিমের জোড়থাংয়ের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।
জানা গিয়েছে, অভিযুক্ত শিবাজী গুপ্তা যখন মাটিগাড়া এলাকায় ঘোরাঘুরি করছিল, তখন গোপন খবরের ভিত্তিতে পুলিশ তাকে ঘিরে ফেলে। তল্লাশি চালাতেই তার হেপাজত থেকে ২০০ টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়। গুনে দেখা যায়, সেখানে মোট ৫০ হাজার ৪০০ টাকার জাল নোট রয়েছে। নোটের গুণমান দেখে চক্ষু চড়কগাছ তদন্তকারীদেরও। নির্বাচনের আবহে এই বিপুল পরিমাণ জাল টাকা শহরে কেন আনা হয়েছিল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই জাল নোটগুলি মালদা জেলা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং তা সিকিমে পাচারের পরিকল্পনা ছিল। ভোটের মরশুমে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে যখন কড়া নজরদারি চলছে, তখন পাচারকারীরা শিলিগুড়িকে ‘সেফ প্যাসেজ’ হিসেবে ব্যবহার করতে চেয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মাটিগাড়া থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার শিকড়ে পৌঁছানোর চেষ্টা করছে। বুধবার ধৃত ব্যক্তিকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। এই চক্রের সঙ্গে মালদা বা সিকিমের আর কোন বড় মাথা যুক্ত রয়েছে কিনা, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
