সৌরভকুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর : বোরখার আড়ালে সফট ড্রিংসের টেট্রা প্যাকে মদ বিহারে পাচার করতে গিয়ে কাটিহার রেল পুলিশের ধরা পড়লেন এক গৃহবধূ। বাংলা-বিহার সীমানা লাগোয়া কুমেদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৭ এপ্রিল। ধৃতের বাড়ি পরানপুর এলাকার মাঝেলি গ্রামে। তার সঙ্গে এক তরুণকেও গ্রেপ্তার করেছে রেল পুলিশ। যদিও তার নাম প্রকাশ্যে আনেননি।
কাটিহার রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রেনে চেপে ওই বধূ বোরখার আড়ালে অবৈধভাবে মদ নিয়ে যাচ্ছিলেন। উদ্দশ্যে ছিল কুমেদপুর এলাকা থেকে ওই মদ বিহারে পৌঁছে দেওয়া। বিহারের মানিয়া এলাকায় রেল পুলিশের সন্দেহ হওয়ায় তারা ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে মহিলা রেল পুলিশকর্মীর সহযোগিতায় ওই সন্দেহভাজনের বোরখা খোলা হলে দেখা যায়, পেট এবং কোমরের আশেপাশে ফ্রুট জুসের টেট্রা প্যাকের আদলে বেশ কিছু প্যাকেট বাঁধা। আর ওই প্যাকেট গুলিতেই ছিল মদ। জেরায় মহিলা স্বীকার করেছেন, তিনি প্রায়ই এভাবে মদ বিহারে পাচার করেন। রেল পুলিশ মামলা রুজু করেছে। অন্যদিকে, এ ব্যাপারে কোনও তথ্য নেই বলে জানিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
