Uploaded By: Sandip Sarkar
শিলিগুড়ি: একটিয়াসাল বাজারের উত্তপ্ত পরিস্থিতির রেশ এখনও কাটেনি, তার মধ্যে গোরু পাচারের অভিযোগে ফের উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির জলপাই মোড় এলাকা (Siliguri Cattle Smuggling)। মঙ্গলবার দুপুরে এক ব্যক্তিকে গোরু পাচারের সন্দেহে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দা ও গো-রক্ষকরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি চারটি গোরু নিয়ে যাচ্ছিল। তাঁর গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় স্থানীয় গো-রক্ষকরা তাঁকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তাঁর কাছে গবাদি পশু পরিবহণের বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে, তিনি কিছু নথিপত্র দেখান। কিন্তু সেই নথিপত্রে পুরোনো ও নতুন তারিখের ব্যাপক গরমিল লক্ষ্য করেন উপস্থিত জনতা। এর পরেই খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে এবং চারটি গোরু বাজেয়াপ্ত করে শিলিগুড়ি থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছে, গরুগুলি পৌঁছে দেওয়ার জন্য তাঁকে মাত্র ৩০০ টাকা দেওয়া হয়েছে। তবে নথিপত্রের অসংগতি বা গোরুর মালিকানা নিয়ে সে কোনও সদুত্তর দিতে পারেনি। স্থানীয়দের অভিযোগ, প্রতি মঙ্গলবার মাটিগাড়া হাট থেকে ফুলবাড়ি পর্যন্ত একটি সুসংগঠিত চক্র এইভাবেই গরু পাচার চালিয়ে যাচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। তাঁদের প্রশ্ন, নথিপত্রে পরিষ্কার গরমিল থাকা সত্ত্বেও কীভাবে দিনের আলোয় ব্যস্ত রাস্তা দিয়ে এই কারবার চলছে? নেপথ্যে কোনও ‘যোগসাজশ’ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন বিক্ষোভকারীরা। এদিকে, বাজেয়াপ্ত করা গোরুগুলিকে নিরাপদ কোনও গোশালায় পাঠানোর দাবি জানিয়েছেন গো-রক্ষকরা।
শিলিগুড়ি থানার পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের মূল পাণ্ডাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
