Falakata | জঞ্জালের স্তূপে ঢাকা ফালাকাটা! পুরসভার উদাসীনতায় ক্ষুব্ধ বাসিন্দারা

শিক্ষা
Spread the love


ভাস্কর শর্মা, ফালাকাটা: পুর প্রশাসক মতিয়াস লেপচা বর্তমানে ফালাকাটা পুরসভার (Falakata Municipality) দায়িত্বভার সামলাচ্ছেন। প্রশাসককে নিয়মিত অফিসে পাওয়া যায় না বলে অভিযোগ স্থানীয়দের। বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শহরে নিয়মিত আবর্জনা সাফাই করা হচ্ছে না। ফলে শহরের (Falakata) একাধিক জায়গায় আবর্জনার স্তূপ জমছে বলে অভিযোগ। বিশেষ করে পোস্ট অফিস মোড়, নেতাজি রোড, মেইন রোডে দীর্ঘদিন ধরে জঞ্জাল জমা হয়ে আছে। এ নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা।

এ বিষয়ে জানার জন্য পুর প্রশাসককে একাধিকবার ফোন করা হলেও তিনি মোবাইলে সাড়া না দেওয়ায় এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি। নাম প্রকাশ করা যাবে না, এই শর্তে পুরসভার এক আধিকারিক বলেন, ‘আবর্জনা সাফাই হবে কীভাবে? এই মুহূর্তে পুরসভার আর্থিক অবস্থা একদম ভালো না। রাজ্যের থেকেও সেভাবে আর্থিক সহযোগিতা পাওয়া যাচ্ছে না। তবে শহরে আবর্জনার সমস্যার বিষয়টি সংশ্লিষ্ট বিভাগে জানানো হয়েছে।’

পুরসভা সূত্রে খবর, বিধানসভা ভোট ঘোষণার দিন থেকেই শহরের আবর্জনা সাফাই অনিয়মিত হয়ে পড়েছে। ভোটপর্ব মেটার পর ইতিমধ্যে বিজেপি সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে। দিনের হিসেবে নতুন সরকার ‘সেঞ্চুরি’ করে ফেললেও ফালাকাটার নাগরিক পরিষেবার উন্নয়নে তেমন পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। শহরের গুরুত্বপূর্ণ মোড় এবং বিভিন্ন রাস্তায় আবর্জনা জমে থাকছে বলে অভিযোগ। শহরের বিভিন্ন নর্দমাগুলো আবর্জনায় ভরে গিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এর মধ্যে বর্ষা শুরু হয়ে গিয়েছে। বৃষ্টির জল আবর্জনার স্তূপে জমে দূষণ ছড়াচ্ছে।

শহরের বাসিন্দা পরিমল রায় ক্ষোভের সুরে বলেন, ‘ভোটের দোহাই দিয়ে দীর্ঘদিন ধরেই পুর পরিষেবা থমকে ছিল। নতুন সরকার আসার পরও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প শুরু হল না।’ তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে আবর্জনা সাফাই না হওয়ায় শহরের বিভিন্ন জায়গায় আবর্জনার পাহাড় জমেছে। জঞ্জালের স্তূপ থেকে দূষণ ছড়াচ্ছে। দুর্গন্ধে টেকা দায়। পুরসভার উচিত দ্রুত এ বিষয়ে পদক্ষেপ করা।’

বধূ পার্বতী বিশ্বাসের কথায়, ‘আমাদের পাড়ার বিভিন্ন জায়গায় জঞ্জাল জমে আছে। সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। শহরের মেইন রাস্তার দু’ধারেই জমেছে আবর্জনা। যাতায়াতের সময় নাকে রুমাল চাপা দিতে হচ্ছে। জানি না পুরসভার এসব চোখে পড়ে কি না।’

এই মুহূর্তে পুরসভায় তৃণমূল পরিচালিত বোর্ড নেই। বিজেপিও পুরসভা দখল করেনি। কিন্তু বর্তমানে রাজ্যে বিজেপির সরকার। বাসিন্দাদের দাবি, পুর পরিষেবার হাল ফেরাতে উদ্যোগী হোক সরকার।

বিজেপির ফালাকাটা টাউন মণ্ডল কমিটির সভাপতি চন্দ্রশেখর সিনহা বলেন, ‘এখন প্রশাসক পুরসভা চালাচ্ছেন। কোনও প্রয়োজনে তিনি যদি আমাদের ডাকেন, তাহলে অবশ্যই সহযোগিতা করব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *