Eco-Pleasant Seed Rakhi | রাখি থেকেই জন্মাবে চারা, পরিবেশ সচেতনতায় অনন্য নজির কোচবিহারে

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


দেবদর্শন চন্দ, কোচবিহার: এবার রাখি থেকেই বেরোবে গাছ! রাখিবন্ধনের আগে পরিবেশ রক্ষার এক ব্যতিক্রমী বার্তা দিলেন কোচবিহারের মদনমোহন কলোনির প্রবীণ বাসিন্দা রমেশ ঝা। বৃহস্পতিবার রাখিবন্ধন উৎসব। তার আগে সপ্তাহখানেক ধরে ঘরে বসে অবসর সময়ে পরিবেশবান্ধব রাখি তৈরি করে চলেছেন এই প্রবীণ (Eco-Pleasant Seed Rakhi)। তাঁর তৈরি রাখি বাজারের সাধারণ রাখির থেকে অনেকটাই আলাদা। এই রাখি পরার পর ফেলে দিলেও পরিবেশের কোনও ক্ষতি হবে না। উলটে তা থেকে থাকবে গাছ জন্মানোর সম্ভাবনা।

মঙ্গলবার দুপুরে তাঁর বাড়িতে গিয়ে দেখা গেল, মেঝেতে বসে আপনমনে রাখি তৈরিতে ব্যস্ত রমেশবাবু। রাখির মধ্যে রয়েছে মেহগনি, শিরীষ এবং শসা গাছের বীজ। এছাড়াও ব্যবহার করা হয়েছে সাদা, কমলা ও সবুজ রঙের কাগজ এবং ফিতে। রাখি তৈরির ফাঁকেই তিনি বললেন, ‘রাখিবন্ধনের মধ্যে দিয়ে সকলকে সচেতন করতে এবং সবুজায়নের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছি।’

রাখি উৎসবকে কেন্দ্র করে বাজারে যেসব রাখি বিক্রি হচ্ছে, তা দেখতে সুন্দর হলেও পরিবেশের কোনও কাজে আসে না। কিন্তু এই রাখিগুলিকে কীভাবে পরিবেশের কাজে লাগানো যায়, সেই কথা মাথায় রেখেই এই রাখি তৈরির উদ্যোগ নিয়েছেন তিনি। পেশায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী রমেশবাবু জানান, তাঁর তৈরি রাখি মাটিতে ফেললে বীজ থেকে চারা গজাবে।

পরিবেশকর্মী সুমন্ত সাহা বলেন, ‘রমেশবাবুর এই উদ্যোগ সত্যিই অভিনব। চারপাশে যেসব রাখি বিক্রি হয়, তার বেশিরভাগই প্লাস্টিক ও নানা সাজানোর সামগ্রীতে চকচক করে। দেখতে আকর্ষণীয় হলেও পরিবেশ রক্ষায় এগুলির কোনও অবদান থাকে না। ওঁর এই ভাবনা সত্যিই পরিবেশ সচেতনতায় এক নজির তৈরি করবে।’ ষাটোর্ধ্ব রমেশবাবুর এই ব্যতিক্রমী প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *