উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে ওডিশার পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি জানালেন প্রতিবেশী রাজ্যটির মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। শনিবার রাতে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘দুর্গাপুরে ওডিশার ছাত্রীর গণধর্ষণের ঘটনা শুনে আমি ব্যথিত। এমন একটি সংবেদনশীল ঘটনায় আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করতে অনুরোধ জানাই। দোষীদের বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা নিতে হবে।’ তিনি আরও লিখেছেন, ‘আমি প্রশাসনের কয়েকজন কর্তাদের নির্দেশ দিয়েছি পশ্চিমবঙ্গে যেভাবে তদন্ত হচ্ছে তার দিকে নজর রাখতে।’ সেই সঙ্গে নির্যাতিতার পরিবারকে সবরকম সাহায্য করা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।
ওই ডাক্তারি পড়ুয়া ওডিশার জলেশ্বরের বাসিন্দা। শুক্রবার রাতে তিনি এক বন্ধুর সঙ্গে মেডিকেল কলেজ ক্যাম্পাসের বাইরে ঘুরতে যান। সেই সঙ্গে পাঁচজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওই তরুণীকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। বছরখানেক আগে কলকাতার আরজি কলেজে মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় উত্তাল হয়েছিল বাংলা তথা দেশ। সেই ঘটনার স্মৃতি আজও টাটকা। তার রেশ কাটতে না কাটতে ফের এক ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠল। দুর্গাপুরে গণধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
