জলপাইগুড়ি: ইতিহাস শিক্ষক না থাকায় চরম অনিশ্চয়তার মুখে জলপাইগুড়ি জিলা স্কুলের পড়ুয়ারা (Jalpaiguri Zilla College)। একাদশ শ্রেণিতে যে সমস্ত ছাত্র ইতিহাস নিয়ে ভর্তি হয়েছিল, বর্তমানে শিক্ষক না থাকায় তাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। বিষয়টি নিয়ে সমাধান না পেয়ে বুধবার শেষ পর্যন্ত অভিভাবকরা জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন।
অভিভাবক ও পড়ুয়াদের অভিযোগ, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার সময় অনেকেই ইতিহাস বিষয় নির্বাচন করে পড়াশোনা শুরু করেছিল। কিন্তু একমাত্র ইতিহাস শিক্ষক বদলি হয়ে যাওয়ার পর থেকেই ক্লাসে ইতিহাস পড়া কার্যত বন্ধ হয়ে গিয়েছে। এমনকি স্কুলের রেজিস্ট্রেশন পোর্টালেও ইতিহাস বিষয়টি দেখাচ্ছে না বলে অভিযোগ। অভিভাবকদের দাবি, স্কুল কর্তৃপক্ষ মৌখিকভাবে তাদের ইতিহাস বাদ দিয়ে অন্য বিষয় নিতে পরামর্শ দিয়েছে।
শুধু একাদশ শ্রেণি নয়, অষ্টম ও নবম শ্রেণির পড়ুয়ারাও জানিয়েছে, নিয়মিত ইতিহাস ক্লাস হয় না। কখনও কোনো শিক্ষক ‘স্টপ গ্যাপ’ হিসেবে ক্লাসে আসেন, আবার কখনও ক্লাস অফ যাচ্ছে। আগামী সেপ্টেম্বর মাসেই প্রথম সেমিস্টার পরীক্ষা। এই অবস্থায় পড়াশোনার ব্যাপক ক্ষতির মুখে পড়ছে ছাত্ররা।
বুধবার সকালে স্কুল কর্তৃপক্ষের কাছে সদুত্তর না পেয়ে অভিভাবক ও ছাত্ররা সরাসরি জেলা শাসকের কার্যালয়ে গিয়ে তাদের সমস্যার কথা জানান এবং দ্রুত ইতিহাস শিক্ষক নিয়োগের দাবি তোলেন। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পড়ুয়াদের দাবি, দ্রুত শিক্ষক নিয়োগ না হলে পড়াশোনা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে। পুরো ঘটনায় জলপাইগুড়ি শিক্ষা মহলে ব্যাপক শোরগোল পড়েছে।

