অনীক চৌধুরী, জলপাইগুড়ি: শতাব্দীপ্রাচীন এক রথের ভেতর সপরিবারে উপবিষ্টা দেবী। তাঁর গায়ের রং ঠিক যেন তপ্ত কাঞ্চন। পায়ের কাছে বসে থাকা বাহন সিংহের আবার ডানা রয়েছে! আর ঠিক পাশেই এক বাঘ। দেবী দুর্গার এমন স্বতন্ত্র ও রাজকীয় রূপের দেখা মেলে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে (Jalpaiguri)। রাজা কংসনারায়ণ আজ থেকে আনুমানিক ৫৪৩ বছর আগে বাংলায় প্রথম দুর্গাপুজোর প্রচলন করেছিলেন। তবে প্রাচীনত্ব ও ঐতিহ্যের দিক থেকে কোনও অংশে কম যায় না বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজো। ইতিহাস ও আভিজাত্যের মেলবন্ধনে এখানকার পুজো (Durga Puja 2026) এবার পা দিল ৫১৭ বছরে। রাজকীয় গরিমা, ব্যতিক্রমী রীতি এবং দেবীর এই অপরূপ রূপ— সব মিলিয়ে এই শারদোৎসব বঙ্গ সংস্কৃতির এক উজ্জ্বল অধ্যায়।
ইতিহাস ঘাঁটলে জানা যায়, কোচবিহার রাজপরিবারের বিশ্বসিংহ এবং বৈকুণ্ঠপুর রাজবাড়ির শিষ্যসিংহ মিলে এই পুজোর সূচনা করেছিলেন। একসময় বৈকুণ্ঠপুরের গভীর জঙ্গলে মাটি দিয়ে মাতৃমূর্তি গড়ে আরাধনা শুরু হয়। সেই থেকে কালিকাপুরাণ মতে এখানে দেবী ‘কনক দুর্গা’ রূপে পূজিতা হয়ে আসছেন।
এই পুজোর পরতে-পরতে রয়েছে চমক। দেবীকে সাজানো হয় রুপোর অস্ত্রসজ্জায়। পরনে থাকে আসাম সিল্ক বা বেনারসি শাড়ি। মা কনক দুর্গার সঙ্গে এখানে পূজিতা হন গঙ্গা, বিষ্ণু, মহেশ্বর, মহামায়া এবং দেবীর দুই সখী জয়া ও বিজয়া। রাজপুরোহিত শিবু ঘোষাল প্রতিমা গড়ার রীতি প্রসঙ্গে বলেন, ‘প্রতি বছর নন্দ উৎসবের কাদা খেলার মাটি সযত্নে সংরক্ষণ করা হয় এবং সেই মাটি দিয়েই পরের বছর নতুন প্রতিমা গড়ার কাজ শুরু হয়। মহালয়ার দিন হয় চক্ষুদান।’
বৈকুণ্ঠপুর রাজবাড়ির অষ্টমীর রাত আজও মানুষের মনে প্রবল কৌতূহল ও উন্মাদনা জাগায়। মহাষ্টমীর গভীর রাতে মন্দির চত্বর একেবারে জনশূন্য করে দেওয়া হয়। এরপর রাজবাড়ির অন্দরে শুরু হয় অর্ধরাত্রি বা গুপ্ত পুজো। শোনা যায়, অতীতে এই পুজোয় নরবলি দেওয়ার প্রথা ছিল। লোকবিশ্বাস, সেই উৎসর্গীকৃত রক্তের কারণেই দেবীর গায়ের রং তপ্ত কাঞ্চনবর্ণ। কালের নিয়মে নরবলি অনেক আগেই নিষিদ্ধ হয়েছে। তবে এখনও অষ্টমীর রাতে নিয়ম মেনে প্রতীকী নরবলি দেওয়া হয়। চালের গুঁড়ো দিয়ে মানুষের অবয়ব তৈরি করে কুশ দিয়ে তা বিদ্ধ করা হয়। কালিকাপুরাণের নির্দেশে একটি চালনকুলায় ধান, দূর্বা, কলা, চালকুমড়ো ও হাঁসের ডিম সাজিয়ে এই গুপ্ত পুজো সম্পন্ন হয়। এই সময় কেবল রাজপরিবারের সদস্যরাই সেখানে উপস্থিত থাকতে পারেন।
এখানকার ভোগের আয়োজনও একেবারেই আলাদা। কুলপুরোহিত শিবু ঘোষালের কথায়, ‘দেবীর চারদিনের ভোগে থাকে জলপাইগুড়ির করলা নদীর বোয়াল, সঙ্গে মহাশোল। এছাড়াও চিতল, ইলিশ, চিংড়ি, পুঁটিও নিবেদন করা হয় দেবীকে। দশমীতে খই, দই নিবেদন করে পুজো করার পর পান্তাভাত, ইলিশ মাছের মাথা দিয়ে কচুশাক, পুঁটি মাছ ভাজা ও শাপলার খোল দেওয়া হয় ভোগে।’

