রাত পোহালেই ‘হেভিওয়েট’ নন্দীগ্রামে নির্বাচন। তার আগে সুপ্রিম কোর্টেও বহাল থাকল কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের স্বস্তি। এর আগে তাঁকে অন্তবর্তী জামিন দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। আজ, সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে বিচারপতির স্পষ্ট নির্দেশ, আপাতত নির্বাচনে অংশ নেবেন মিলন প্রধান। তবে ভোট যাতে শান্তিপূর্ণ হয়, তা নজরে রাখতে হবে। নির্বাচনের পর ফের এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।
এদিন মামলার শুনানিতে রাজ্যের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আদালতে তিনি বলেন, মিলনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। এমনকী খুন, বোমা ছোড়ার মতো অভিযোগও রয়েছে। ফলে অন্তবর্তী জামিনের আবেদন খারিজের আবেদন জানান তুষার মেহতা। যদিও তা সম্পূর্ণ অস্বীকার করেন মিলনের আইনজীবী।
আরও পড়ুন:
তবে এদিন দীর্ঘ সওয়াল-জবাবে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। প্রধান বিচারপতির মন্তব্য, ”২০০৭ সালের ঘটনা এটি। জমি সংক্রান্ত বিবাদ। ৬৬ জনের বিরুদ্ধে একসঙ্গে অভিযোগ হয়েছিল।” কিন্তু এতদিন কেন ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও কেন পুলিশ এতদিন ব্যবস্থা নেয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। এক্ষেত্রে পুলিশের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিৎ বলে কড়া পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।
সর্বশেষ খবর
