ডোমকল: পরিবারের একমাত্র রোজগেরে ছেলের কাজ চলে যাওয়াই কাল হল! দিশেহারা হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আত্মঘাতী হলেন বাবা। শনিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল এলাকায় (Domkal)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ষষ্ঠীবাবু। তাঁর ছেলে একটি ঠিকাদারি সংস্থার অধীনে শ্রমিকের কাজ করছিলেন কয়েক বছর ধরে। এতদিন পর্যন্ত সব ঠিক থাকলেও হঠাৎই এদিন সন্ধ্যায় ছেলের কাজ চলে যাওয়ার খবর জানতে পারেন তিনি। এমন পরিস্থিতিতে কী করবেন তা বুঝতে না পেরে আচমকা তিনি ঘরের মধ্যে ঢুকে পড়েন। এরপরই ভেতর থেকে দরজা লাগিয়ে দেন। বাড়ির সকলে চিৎকার করলেও কোনও লাভ হয়নি। কিছুক্ষণ বাদে কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ফেলেন পরিবারের লোকজন। এরপর ঘরে ঢুকতেই ষষ্ঠীবাবুর ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। এরপরই তড়িঘড়ি করে তাঁকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে যাওয়ার পরই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কয়েক মুহূর্তের মধ্যে এমন অঘটন ঘটে যাওয়ায় হতবাক সকলে। পরিবারের এক সদস্য লালন প্রামাণিক বলেন, ‘ছেলের কাজ চলে যাওয়ার খবর জানতে পেরে এই অঘটন ঘটিয়ে ফেললেন উনি। চোখের সামনে একটা জলজ্যান্ত প্রাণ চলে গেল।’
