ডোমকল: পাশের পাড়ায় দিদার বাড়িতে যাওয়ার জন্য বায়না ধরেছিল বছর ১৪-র এক কিশোরী। কিন্তু কিশোরীর মা তাতে রাজি না হওয়ায় মায়ের সঙ্গে মেয়ের কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এই পর্যন্ত সব ঠিক থাকলেও, তারপরেই ঘটে যায় চরম বিপত্তি। অভিমানে, মুহূর্তের মধ্যে ঘরে প্রবেশ করে গলায় ফাঁস লাগিয়ে ঘরের সিলিংয়ে ঝুলে পড়ে ওই কিশোরী। ঘটনায় মৃত্যু ঘটে তার। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের ডোমকল এলাকার বাসিন্দা ওই নাবালিকার পরিবারসহ প্রতিবেশীদের মধ্যে। চোখের সামনে এমন ছটফটে কিশোরীর এই ভয়ানক পরিণতিতে স্তব্ধ সকলে। শোকে পাথর হয়ে গিয়েছেন মৃতার মা।
স্থানীয় সূত্রে জানা গেছে, অষ্টম শ্রেণীর ওই পড়ুয়া পড়ার ফাঁকে তার মায়ের কাছে বায়না করে, কিছুদূরে অবস্থিত তার দিদার বাড়িতে সন্ধ্যায় গিয়ে একটু ঘুরে আসার জন্য। কিন্তু পড়ুয়ার মা সহ বাড়ির বড়রা তাকে যেতে বারণ করে সেই মুহূর্তে। এই নিয়ে বেশ কিছুক্ষণ বায়না করার পর, সে অভিমানে আচমকা কাউকে কিছু বুঝতে না দিয়ে ঘরের মধ্যে ঢুকে সটান দরজা আটকে দেয়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর দ্রুত তাকে উদ্ধার করে ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক ওই নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন।
এই বিষয়ে মৃতার পরিবারের এক মহিলা সদস্য বলেন, ‘আমাদের সকলের আদরের ছিল ও। সন্ধে নেমে আসার কারণে আমরা সকলে ওকে যেতে বারণ করেছিলাম ওর দিদার বাড়িতে। কিন্তু ও যে এমন কান্ড ঘটিয়ে আমাদের সকলকে ছেড়ে চলে যাবে, সেটা বুঝতেই পারিনি।”
