Nabanna | কর্তব্যরত অবস্থায় মৃত দুই বিএলও’র পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা নবান্নের, অসুস্থকে এক লক্ষ

Nabanna | কর্তব্যরত অবস্থায় মৃত দুই বিএলও’র পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা নবান্নের, অসুস্থকে এক লক্ষ

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কর্তব্যরত অবস্থায় মৃত্যু। রাজ্যে মৃত দুই বিএলও (BLO)-র পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মৃত ২ বিএলও-র পরিবারপিছু ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি বিএলও-র পরিবারকে এক লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসআইআরের (SIR) কাজ করতে গিয়ে বিএলওদের এক এক সময় এক এক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানা যাচ্ছে। প্রথমে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি। তারপর, পূরণ করা ফর্ম সংগ্রহ। শেষে ভোটারদের সেই তথ্য তুলতে হচ্ছে বিএলও অ্যাপে। কাজের চাপ এবং কম সময়ে সবটা করতে গিয়ে ডেটা এন্ট্রির সময় অনিচ্ছাকৃত ভুলও হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বুধবার ‘এডিট’ অপশন দেওয়া হলেও বিএলওদের একাংশের অভিযোগ, বৃহস্পতিবার সেই এডিট অপশন উধাও। এই পরিস্থিতিতে কাজের চাপে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিএলও’দের অসুস্থ হয়ে পড়ার খবর সামনে আসছে।

এরই মধ্যে দুই বিএলও-র মৃত্যু হয়। তাঁরা হলেন জলপাইগুড়ি জেলার মাল এলাকায় শান্তিমুনি এক্কা এবং কোচবিহারের বড়ধাম চাতরাগ্রামের ললিত অধিকারী। শান্তিমুনি এক্কা বুধবার আত্মহত্যা করেন বলে তাঁর পরিবারের দাবি। এসআইআরের কাজের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবার দাবি করেছিল। ললিত অধিকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বৃহস্পতিবার পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার এই দুই পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয় বলে নবান্ন (Nabanna) সূত্রের খবর। পাশাপাশি বিএলও-র কাজ করতে গিয়ে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন কোন্নগরের বাসিন্দা নমিতা বিশ্বাস। হাসপাতালে চিকিৎসাধীন নমিতা বিশ্বাসকে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তাঁর চিকিৎসার ব্যয়ভারও নেবে রাজ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *