অমৃতা চন্দ, দিনহাটা: ৩২ বছরের তরুণ রুবেল হক দিনহাটার (Dinhata) চওড়াহাট বাজারের সামনে ফুটপাথে বসে ছাতা মেরামতের কাজ করছেন। গ্রীষ্মকালে চড়া রোদ উঠলে বা বর্ষায় অঝোরে বৃষ্টি নামলে তাঁর হাতে কাজ আসতে শুরু করে। তবে বছরের অন্য সময় কাজ থাকে না খুব একটা। তাই রোদ-বৃষ্টি উপেক্ষা করেই মাথার উপর একটা বড় ছাতা নিয়ে তিনি বসে পড়েন চওড়া হাটবাজারে সামনে ফুটপাথের ওপর। বছরের যে সময়ে কাজ আসে না তখন তালা, চেন ইত্যাদি বিক্রি করেন রুবেল। সেভাবে রোজগার না এলেও বাবা-ঠাকুরদাদার পেশা বাঁচিয়ে রাখার তাগিদে ছাতা মেরামতের কাজ করে চলেছেন বলে জানান রুবেল হক, সইফুল মিয়াঁর মতো দিনহাটার ছাতা মেরামত কারিগররা।
দিনহাটা শহরজুড়ে এখন মাত্র ১০ থেকে ১২ জন ছাতা মেরামতের কারিগর রয়েছেন। তাঁরাই শহরের বিভিন্ন মোড়ে বসে ছাতা মেরামতের কাজ করেন। কালের নিয়মে, জীবিকার তাগিদে আগে ছাতা সারাতেন এমন অনেকেই এখন নাম লিখিয়েছেন অন্য পেশায়। যাঁরা এখনও রয়ে গিয়েছেন তাঁরা জানাচ্ছেন, অনেক বছর আগে বারো মাস ছাতা মেরামতের কাজ চলত। কিন্তু এখন আর সেই চাহিদা নেই। শুধুমাত্র বর্ষার মরশুমেই পেটের দায়ে তাঁরা এই কাজ করেন। এই সময় দিনে যে দু’চারশো টাকা আয় হয় তা দিয়েই চলে সংসার। রুবেল হক বলেন, ‘দিনহাটা শহরজুড়ে ছাতা মেরামতের কারিগররা ঘোরাফেরা করতেন। কালের বিবর্তনে অনেকেই এই পেশায় যুক্ত নেই।’ আরেক ছাতা মেরামতের কারিগর সইফুল বললেন, ‘অনেকেই এই কাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তবে বংশপরম্পরায় পেশা বাঁচিয়ে রাখার তাগিদে এই কাজ করছি।’
ইদানীং বাজারে রংবেরঙের আধুনিক ছাতার প্রভাবে দেশীয় ছাতার চাহিদা কমেছে। ফলে জৌলুস হারাচ্ছে মেরামতির পেশা। ছাতা মেরামত করাতে আসা নিষ্কৃতি রায় বলেন, ‘নতুন ছাতা এখন এত কম দামে পাওয়া যায়, কিছুদিন ব্যবহার করার পর ফেলে দিলেও কোনও লোকসান হয় না। তাই ছাতা মেরামত করার খুব একটা প্রয়োজন পড়ে না। আগে এক একটি ছাতার দাম অনেক বেশি ছিল। তাই ছাতা মেরামত করিয়ে ব্যবহার করতেন অনেকে। কিন্তু এখন মেরামত করে ছাতা ব্যবহারের ইচ্ছে কমেছে মানুষের। আয় কমেছে ছাতা মেরামতের কারিগরদের।’
