উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কড়া পদক্ষেপ নিল দিল্লি (Delhi) পুলিশ। শুক্রবার রাত ১০টা থেকে আগামী ২৪ ঘণ্টার জন্য জনপথ-কর্তব্য পথ ক্রসিংয়ের (Janpath-Kartavya Path crossing) ৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট মেট্রো ও ট্রেন চলাচলে কড়াকড়ি নিয়ে সরকারের সমালোচনা করার ঠিক কয়েক ঘণ্টা পরেই এই নির্দেশিকা জারি করা হল।
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনারের কার্যালয় থেকে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া, জিও এবং এমটিএনএল-এর কাছে পাঠানো নির্দেশিকায় জানানো হয়েছে, টেলিকমিউনিকেশনস (টেম্পোরারি সাসপেনশন অফ সার্ভিসেস) রুলস, ২০২৪-এর নিয়ম এবং টেলিকমিউনিকেশনস অ্যাক্ট ২০২৩-এর ধারা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার রাত ১০টা থেকে ১০ অক্টোবর রাত ১০টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে পুলিশ। ইন্টারনেট বন্ধ থাকার ফলে কনট প্লেস, মান্ডি হাউস, প্রগতি ময়দান, গুরুদ্বার বাংলা সাহিব, বারাকহম্বা রোড, খান মার্কেট, লোধি রোড এবং জংপুরার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলির একটি বড় অংশ বা সম্পূর্ণ এলাকা প্রভাবিত হতে পারে। গত জুলাই মাসেও জন্তর মন্তরে সিজেপি-র প্রতিবাদের সময় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল, যার ফলে সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা।

