রাজু হালদার, গঙ্গারামপুর: শুক্রবারই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বোল্লা কালীপুজো। পুজো ও মেলাকে কেন্দ্র করে প্রতি বছরই রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তের পুণ্যার্থীরা ভিড় জমান দক্ষিণ দিনাজপুরে (Dakshin Dinajpur)। এ সময় গঙ্গারামপুর (Gangarampur) শহরের বিভিন্ন হোটেল ও লজ ভাড়া দ্বিগুণ থেকে চারগুণ বাড়িয়ে দেয় বলে অভিযোগ। সেদিকে নজর রেখে বুধবার পুর প্রতিনিধিদের নিয়ে শহরের বিভিন্ন লজে অভিযান চালালেন গঙ্গারামপুরের মহকুমা শাসক শুভজিৎ কুণ্ডু।
অভিযানে প্রশাসনের তরফে লজগুলির বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় শংসাপত্র খতিয়ে দেখা হয়। কয়েকটি লজ কর্তৃপক্ষ উপযুক্ত নথি দেখাতে না পারায় দ্রুত কাগজপত্র তৈরির নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পুণ্যার্থীদের থেকে কোনওভাবে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না বলে সতর্ক করে দেন মহকুমা শাসক। লজগুলিতে বাধ্যতামূলকভাবে ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশও দেওয়া হয়েছে। শহরের একটি হোটেলে প্রচুর পরিমাণে মজুত করা মাংস ও নিম্নমানের খাবার দেখে ক্ষোভ প্রকাশ করেন মহকুমা শাসক। ওই হোটেলের খাবারের মান খতিয়ে দেখে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য খাদ্য সুরক্ষা দপ্তরকে নির্দেশ দেন তিনি।
অভিযান প্রসঙ্গে মহকুমা শাসক শুভজিৎ কুণ্ডু বলেন, ‘বোল্লা কালীপুজো উপলক্ষ্যে লজগুলিতে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ এসেছিল। সে কারণে এ দিন শহরের লজগুলিতে অভিযান চালানো হয়েছে। প্রতিটি লজে ভাড়ার তালিকা টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে। একটি হোটেলে খাবারের মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় খাদ্য সুরক্ষা দপ্তরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
বোল্লা কালীপুজো (Bolla Kalipuja) উপলক্ষ্যে বাইরে থেকে আসা ভক্তদের সিংহভাগই গঙ্গারামপুর ও বালুরঘাট শহরের লজগুলিতে থাকেন। গঙ্গারামপুর থেকে বোল্লার দূরত্ব কম হওয়ায় এই শহরেই পুণ্যার্থীদের চাপ সবচেয়ে বেশি থাকে। অভিযোগ, এই সুযোগে প্রতি বছর এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বিপুল ভাড়া আদায় করায় ভক্তরা আর্থিক প্রতারণার শিকার হন। প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে অধ্যাপক রাজীব সাহা বলেন, ‘বোল্লা মন্দির কাছাকাছি হওয়ায় এবং গঙ্গারামপুরের প্রসিদ্ধ দই সংগ্রহের টানে অধিকাংশ পুণ্যার্থী এখানেই থাকেন। ভক্তরা যদি প্রতারিত হন, তবে আগামীদিনে আমাদের শহরের সুনাম ক্ষুণ্ণ হবে। তাই প্রশাসনের এই অভিযান অত্যন্ত সময়োপযোগী।’

