উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে রাজ্যের রাজনৈতিক ও আইনি মহলে শোরগোল অব্যাহত। এবার ওই মন্তব্যের বিরুদ্ধে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ জানাল ‘অখিল ভারত হিন্দু মহাসভা’ (Criticism filed in opposition to Mamata)। তৃণমূলনেত্রীর বিরুদ্ধে ‘দেশদ্রোহিতা’র অভিযোগে আইনানুগ ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ করার আর্জি জানিয়েছে সংগঠনটি।
সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী লালবাজারের সাইবার ক্রাইম শাখার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে একটি চিঠি জমা দিয়েছেন। চিঠিতে দাবি করা হয়েছে, ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্নামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন, তা ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এছাড়া এর জেরে পশ্চিমবঙ্গসহ সমগ্র দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘুদের জন্য ভয়ের পরিস্থিতি তৈরি হতে পারে বলে অভিযোগ করা হয়েছে।
ধর্নামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করেই বাংলাদেশের এক হত্যাকাণ্ড ও ধৃত অভিযুক্তদের প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে ফোন করে বাংলার পুলিশকে বিষয়টি গোপন রাখতে বলেছিলেন। তবে তিনি দেশের স্বার্থে কোনো নাম প্রকাশ করবেন না বলেও জানান। ওয়াকিবহাল মহলের মতে, তিনি বাংলাদেশের ‘ইনকিলাব মঞ্চের’ আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত করেছিলেন, যে ঘটনায় জড়িতদের বনগাঁ থেকে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ গ্রেফতার করেছিল।
এই ঘটনা নিয়ে ইতোমধ্যেই আইনি চাপ বাড়ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর। এর আগে শিলিগুড়ির আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিংহ শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় একই বিষয়ে অভিযোগ দায়ের করেছিলেন। লালবাজারে নতুন করে এই অভিযোগ দায়েরের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র আকার ধারণ করেছে। এখন প্রশাসন এই অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেয়, সেদিকেই নজর রয়েছে সব মহলের।
