Colombia | কলম্বিয়ার সুপারমার্কেটে সশস্ত্র দুষ্কৃতীদের হানা! পণবন্দি ২৫ জন

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কলম্বিয়ার (Colombia) জনপ্রিয় পর্যটন শহর কার্তাহেনার একটি সুপারমার্কেটে মঙ্গলবার সশস্ত্র দুষ্কৃতীদের হানায় তীব্র চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, একটি সাঁজোয়া গাড়ি লুটের চেষ্টা ব্যর্থ হওয়ার পর হামলাকারীরা সুপারমার্কেটে ঢুকে পড়ে এবং প্রায় ৩০ জনকে পণবন্দি করে। পরবর্তীতে কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা জানান, পণবন্দিদের মধ্যে পাঁচজন বয়স্ক মহিলাকে মুক্তি দেওয়া হয়েছে, তবে এখনও ২৫ জন ভেতরে আটকে রয়েছেন। ক্যারিবিয়ান উপকূলের এই বন্দর শহরটি তার ঐতিহাসিক স্থাপত্য, সমুদ্রসৈকত ও ক্রুজ পর্যটনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। পরিস্থিতির গুরুত্ব বিচার করে প্রশাসন সাময়িকভাবে শহরের বিমানবন্দরে উড়ান অবতরণ স্থগিত রাখলেও পরে পরিষেবা স্বাভাবিক করে।

ঘটনাস্থল ঘিরে ফেলে বিশাল নিরাপত্তা বাহিনী; আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং পাশের বহুতলগুলির ছাদে মোতায়েন করা হয় পুলিশ স্নাইপার। শহরের প্রশাসন জানিয়েছে, পুলিশের বিশেষ বাহিনীর পাশাপাশি নৌসেনা ও স্থলসেনাও অভিযানে যোগ দিয়েছে। এই ঘটনায় গেরিলা বা আধাসামরিক গোষ্ঠীর যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দিয়ে প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা বলেন, “পণবন্দিদের জন্য বিষয়টি ভালোভাবেই মিটবে। তবে অপরাধীদের জন্য যে খুব একটা ভালো হবে, সে বিষয়ে আমি নিশ্চিত নই।” পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে জানিয়ে তিনি আরও যোগ করেন, “কোনও জঙ্গি গোষ্ঠী এই অপহরণ ঘটায়নি — না, এরা সাধারণ অপরাধী যারা আচমকা ধরা পড়ে গিয়েছিল, পালানোর কোনো পথ না পেয়ে একদল মানুষকে পণবন্দি করেছে।”

স্থানীয় সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে (ছবির সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) দেখা গিয়েছে, রাইফেল হাতে মুখোশধারী দুষ্কৃতীরা মেঝেতে হাঁটু গেড়ে বসে থাকা পণবন্দিদের পাশে দাঁড়িয়ে রয়েছে। বিকেল গড়িয়ে গেলেও সুপারমার্কেটের প্রবেশপথে বন্দুক তাক করে অবস্থান নেন নিরাপত্তারক্ষীরা। পুলিশি ব্যারিকেডের বাইরে ভিড় জমান বহু মানুষ; যানবাহন ঘুরিয়ে দেওয়া হয় এবং অনেকেই মোবাইলে সেই রুদ্ধশ্বাস পরিস্থিতির দৃশ্য বন্দি করতে থাকেন। পণবন্দিদের মধ্যে সুপারমার্কেটের কর্মীরাও রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জ্যাকব পেরেজ নামে এক কর্মীর বাবা সংবাদসংস্থা-কে বলেন, “আমার ছেলে ওখানেই রয়েছে।” তিনি আরও জানান, “ও কাজ থেকে বেরোয়নি এবং ফোনও ধরছে না। আমার মনে হয় ওরা ওর ফোন কেড়ে নিয়েছে।”

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলিতে কলম্বিয়ার বিভিন্ন প্রান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। সোমবার গভীর রাতে ভিল্লাভিসেনসিও শহরে এক গাড়িবোমা বিস্ফোরণে ২৫ জন আহত হন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যার নেপথ্যে বিদ্রোহী এফএআরসি (FARC) গোষ্ঠীর হাত রয়েছে বলে প্রশাসনের দাবি। দক্ষিণপন্থী প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর অভিযানের ডাক দিলেও দেশজুড়ে হিংসার ঘটনা ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *