উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : জীবনের নাটকীয়তা বোধ হয় রূপোলি পর্দার গল্পকেও হার মানায়। দীর্ঘ ২৯ বছর ধরে যাকে মৃত বলে ধরে নিয়েছিল পরিবার, সেই মানুষটিই হঠাৎ উদয় হলেন বাড়ির উঠোনে। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের খাটাউলির বাসিন্দা ৭৯ বছর বয়সি শরিফ আহমেদের এই অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘিরে শোরগোল পড়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৯৯৭ সালে প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন শরিফ। এরপরই তিনি উত্তরপ্রদেশ ছেড়ে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে চলে আসেন। দীর্ঘ তিন দশকে বাড়ির লোকের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাঁর। শরিফের চার কন্যা ও আত্মীয়রা বারবার পশ্চিমবঙ্গে এসে খোঁজ নিলেও তাঁর হদিস মেলেনি। শেষমেশ প্রিয়জনরা আশা ছেড়ে দিয়ে ধরে নিয়েছিলেন যে শরিফ আর বেঁচে নেই।
হঠাৎ ২৯ বছর পর কেন ফিরলেন শরিফ? এর নেপথ্যে রয়েছে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া। বর্তমানে মেদিনীপুরের স্থায়ী বাসিন্দা শরিফের ভোটার কার্ডের নথিতে কিছু জটিলতা তৈরি হয়। সেই আইনি বাধ্যবাধকতা মেটাতেই আদি জন্মস্থানের নথিপত্র সংগ্রহ করতে তিনি ২৯ ডিসেম্বর মুজফ্ফরনগরে পৌঁছান।
দীর্ঘ ২৯ বছর পর কাকাকে সামনে দেখে আবেগ সামলাতে পারেননি তাঁর ভাইপো ওয়াসিম আহমেদ। তবে এই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি শরিফের জন্য। গ্রামে ফিরে তিনি জানতে পারেন, এই দীর্ঘ সময়ে তাঁর বাবা, ভাই সহ পরিবারের অনেক সদস্যই না – ফেরার দেশে চলে গিয়েছেন। প্রিয়জনদের হারানোর খবর তাঁকে শোকাতুর করে তোলে। প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে শরিফ আহমেদ আবারও ফিরে গিয়েছেন মেদিনীপুরে।
