উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নির্বাচনী প্রচারের (Meeting Election 2026) মঞ্চ থেকে দলীয় প্রার্থীর ছেলেকে প্রকাশ্যেই সাবধান করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শনিবার রানিগঞ্জের জনসভা থেকে জামুড়িয়ার তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক হরেরাম সিংহকে সর্তক করে মুখ্যমন্ত্রী বলেন, “ছেলেকে বলবে, লালবাতি নিয়ে যেন না ঘোরে।” উল্লেখ্য, হরেরাম সিংহের পুত্র প্রেমপাল সিংহ আসানসোল জেলা তৃণমূলের যুব সম্পাদক। তাঁর গাড়িতে লালবাতি লাগানো এবং সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে তাঁর ‘আমিই বিধায়ক’ মন্তব্য ঘিরে জেলা রাজনীতির অন্দরে শোরগোল পড়ে গিয়েছে।
রাজ্যের মন্ত্রীদের লালবাতি ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও প্রেমপালের এই আচরণ নিয়ে সরব হয়েছে বিজেপিও (BJP)। যদিও হরেরাম সিংহ বিষয়টিকে বিরোধীদের অপপ্রচার বলে দাবি করেছেন। তবে খোদ দলনেত্রীর এই প্রকাশ্য হুঁশিয়ারি জামুড়িয়ার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। বিজেপি প্রার্থী বিজন মুখোপাধ্যায়ের পাল্টা কটাক্ষ, মুখ্যমন্ত্রী নিজেই তাঁর দলের অন্দরের বিশৃঙ্খলা জনসমক্ষে তুলে ধরেছেন।
