উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তপ্ত আবহের মধ্যেই ভারত ও আরও চারটি ‘বন্ধু’ দেশকে হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান (Iran)। এরই মাঝে ভারতের আরও দুটি এলপিজি ট্যাংকার নিরাপদে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জলপথ নিরাপদে পার করল (Indian LPG Tankers)। শনিবার সকালে ‘বিডব্লিউ ইএলএম’ (BW ELM) এবং ‘বিডব্লিউ টিওয়াইআর’ (BW TYR) নামক দুটি ভারতীয় ট্যাংকার এই উচ্চ-ঝুঁকিপূর্ণ করিডোর পেরিয়ে ওমান উপসাগরের দিকে এগিয়ে গিয়েছে।
জানা গিয়েছে, ভারতীয় পতাকাবাহী এই জাহাজ দুটি ঘণ্টায় প্রায় ২৭ কিলোমিটার বেগে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। গত এক মাস ধরে চলা যুদ্ধের জেরে এই জলপথ কার্যত রুদ্ধ হয়ে থাকলেও, ভারতের ক্ষেত্রে বিশেষ ছাড় দিচ্ছে ইরান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়েছেন যে, ভারত সহ পাঁচটি ‘বন্ধু রাষ্ট্রের’ (চিন, রাশিয়া, ইরাক ও পাকিস্তান) জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনও বাধা থাকবে না। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরানের শত্রু দেশগুলির সঙ্গে যুক্ত জাহাজগুলির ক্ষেত্রে অবরোধ বজায় থাকবে।
যুদ্ধ শুরুর পর থেকে এখনও পর্যন্ত ‘জগ বসন্ত’, ‘পাইন গ্যাস’, ‘শিভালিক’ এবং ‘নন্দা দেবী’ নামক চারটি ভারতীয় জাহাজ এই পথ দিয়ে পার হয়েছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহি সংলগ্ন জলসীমায় ভারতের আরও অন্তত পাঁচটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার নোঙর করে রয়েছে। সেগুলিরও দ্রুত সবুজ সংকেত পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বিশ্বের মোট ব্যবহৃত তেলের এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালীর মাধ্যমে পরিবাহিত হয়। ফলে এই জলপথ অবরুদ্ধ হলে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা থাকে। এমন পরিস্থিতিতে ইরানের এই সিদ্ধান্ত ভারতের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে বড় ভূমিকা নেবে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক চাপ ও যুদ্ধের উত্তেজনার মাঝেও ভারতের সঙ্গে কৌশলগত সুসম্পর্ক বজায় রাখতেই ইরান এই ‘সেফ প্যাসেজ’ বা নিরাপদ পথের ব্যবস্থা করেছে।
