জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ইন্দ্রনীলের বিরুদ্ধে কলকাতার বৌবাজার থানায় এফআইআর (FIR) দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগ উঠেছে, দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ বা কার্নিভালের ভিআইপি পাস বিক্রির নামে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। শুধু তাই নয়, চলচ্চিত্র উৎসব ও কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আর্থিক তছরুপ এবং নিজের অতি ঘনিষ্ঠ সংস্থাকে বেআইনিভাবে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
এই পুরো দুর্নীতির তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। প্রাথমিক তদন্তের পর ইডি আধিকারিকদের অনুমান, প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার দুর্নীতি হতে পারে। মামলার তদন্তের স্বার্থে এর আগে ইন্দ্রনীল সেনের কসবার বাড়ি ও সিঙ্গুরের বাগানবাড়ি সহ একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছিল ইডি। পাশাপাশি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে অবস্থিত কেন্দ্রীয় সংস্থার দপ্তরে ডেকে পাঠিয়ে তাঁকে দু’দফা জিজ্ঞাসাবাদও করা হয়েছে। হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় তদন্তের পরিধি আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

