উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আইপিএল-এর (IPL 2027) আসন্ন মরশুমের জন্য নিজেদের কোচিং স্টাফ ঢেলে সাজাল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আর তাঁর সঙ্গেই সহকারী কোচ ও ব্যাটিং কোচের গুরুদায়িত্ব পেলেন ভারতের বিশ্বকাপজয়ী তারকা অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh)। প্রথম আইপিএল ট্রফি জয়ের লক্ষ্যে এবার একসঙ্গে কাজ করবেন এই দুই ভারতীয় ক্রিকেট কিংবদন্তি।
দিল্লি ক্যাপিটালসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে যুবরাজ সিং জানিয়েছেন, কীভাবে সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে এই সহকারী কোচের পদের জন্য প্রস্তাব দিয়েছিলেন।
মজার ছলে যুবরাজ বলেন, “সৌরভ আমাকে জিজ্ঞেস করেছিল, ‘তুমি কি আমার সহকারী হবে?’ তখন আমি বলেছিলাম, ‘গত ২৫ বছর ধরে তো আমি আপনার সহকারী হিসেবেই কাজ করে আসছি, সুতরাং এবারও সম্ভবত একই কাজ করতে হবে!’”
এর আগে শুভমান গিল এবং অভিষেক শর্মার মতো তরুণ ক্রিকেটারদের মেন্টর হিসেবে সফল হলেও, কোনো দলের সম্পূর্ণ অভ্যন্তরীণ পরিবেশে কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা এই প্রথম হতে চলেছে বলে জানান যুবি। তিনি বলেন, গত তিন-চার বছর ধরে তিনি এই সুযোগটির জন্যই নিজেকে প্রস্তুত করছিলেন।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বেই ২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন যুবরাজ। সেই পুরোনো দিনের স্মৃতিচারণ করে যুবরাজ বলেন, “দাদার থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটি আমি পেয়েছি, তা হলো কীভাবে দলের অন্দরমহল ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ রাখতে হয়। যখন আমি অভিষেক করি, তখন তিনি আমাদের একসঙ্গে বেঁধে রেখেছিলেন। আমাদের মনে এই বিশ্বাস তৈরি করে দিয়েছিলেন যে, আমরা একটি দুর্দান্ত দল এবং বিদেশের মাটিতেও টুর্নামেন্ট জিততে পারি।”
যুবি আরও বলেন, “তিনি সবসময় আমার কাছে বড় দাদার মতো। দল নির্বাচন বোঝা হোক, আমাকে মেন্টরিং করা হোক কিংবা একজন ভালো আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে উঠতে ঠিক কী প্রয়োজন—প্রতিটি পদক্ষেপে তিনি পাশে থেকেছেন।”

