Itahar | মেয়ের মাথা ফাটিয়ে ধৃত সৎমা, ইটের আঘাতে খুনের চেষ্টার অভিযোগ ইটাহারে

Itahar | মেয়ের মাথা ফাটিয়ে ধৃত সৎমা, ইটের আঘাতে খুনের চেষ্টার অভিযোগ ইটাহারে

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


রণবীর দেব অধিকারী, ইটাহার: বিমাতৃসুলভ আচরণের চূড়ান্ত নজির! ইটের আঘাতে তরুণী মেয়ের মাথা ফাটানোর অভিযোগ উঠল সৎমার বিরুদ্ধে। বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সৎমা সবিতা বর্মনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার পতিরাজপুর অঞ্চলের তালটুঙ্গি গ্রামে (Itahar)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তালটুঙ্গির বাসিন্দা প্রফুল্ল বর্মন পেশায় রাজমিস্ত্রি। বছর আটেক আগে তাঁর প্রথম স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে তিন কন্যাসন্তানকে রেখে মারা যান। প্রথম স্ত্রীর মৃত্যুর বছর দুয়েক পর প্রফুল্ল সন্তানদের দেখাশোনার জন্য বিয়ে করেন সবিতাকে। পরবর্তীতে দ্বিতীয় স্ত্রী সবিতাও এক পুত্রসন্তানের জন্ম দেন। প্রফুল্লর প্রথম পক্ষের দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর ছোট মেয়ে পায়েল ও দ্বিতীয় পক্ষের স্ত্রী ও তাঁর চার বছরের ছেলেকে নিয়ে সংসার চলছিল। কিন্তু কিছুদিন ধরে বছর বাইশের তরুণী পায়েলের উপর তাঁর সৎমা সবিতা অকারণে অত্যাচার শুরু করেন বলে অভিযোগ।

বাবা প্রফুল্লর পাশাপাশি প্রতিবেশীরাও অভিযোগ জানিয়ে বলেন, মাঝেমধ্যেই সবিতা নানা ছুতোয় তাঁর সৎমেয়ে পায়েলকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতেন। তাঁকে একাধিকবার সতর্ক করার পরেও সবিতার আচরণে কোনও পরিবর্তন দেখা যায়নি।

মঙ্গলবার ফের একই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়ায় তালটুঙ্গি গ্রামে। ঠিক কী ঘটেছিল এদিন? পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে ভাতের বদলে রুটি খাওয়ার ইচ্ছে হয়েছিল পায়েলের। সেই উদ্দেশ্যে নিজেই রুটি বানাতে রান্নাঘরে ঢুকেছিলেন। তখনই সবিতা তাঁকে গালিগালাজ করে রান্নাঘর থেকে তাড়িয়ে দেন। ঘর থেকে বের হতেই পিছন থেকে ছুটে এসে পায়েলের মাথায় সবিতা ইট দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। ইটের আঘাতে তাঁর মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। মাথায় হাত রেখে আত্মরক্ষার চেষ্টা করলে হাতের আঙুলও ইট দিয়ে থেঁতলে দেওয়া হয় বলে অভিযোগ। পায়েলের চিৎকার শুনে প্রতিবেশী ও অন্য পরিজনরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় পায়েলকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। প্রতিবেশীদের একাংশ অভিযুক্ত সবিতা বর্মনকে আটকে রেখে পুলিশকে খবর দেন। খবর পাওয়ামাত্র পুলিশ ওই গ্রামে গিয়ে অভিযুক্ত সৎমাকে গ্রেপ্তার করে।

পায়েলের বাবা প্রফুল্ল বর্মন বলেন, ‘দুপুরে আমি মাঠে কাজ করছিলাম। ঘটনার খবর পেয়ে বাড়িতে ছুটে আসি। অনেকদিন ধরেই আমার প্রথম পক্ষের ছোট মেয়ের উপর অত্যাচার চালাচ্ছে আমার দ্বিতীয় স্ত্রী। আজকেও অকারণে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশপাশি ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। খুনের চেষ্টা করে। প্রতিবেশীরা এসে পায়েলকে রক্ষা করেন।’

ঘটনার পর দ্বিতীয় স্ত্রী সবিতা বর্মনের বিরুদ্ধে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন প্রফুল্ল। ইটাহার থানার পুলিশ জানিয়েছে, আক্রান্ত তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সৎমাকে গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *