Bhatol well being centre | রোগী সহায়তা ভবন এখন সাধারণের, দখলে রেখেছিল তৃণমূল

খেলাধুলা/SPORTS
Spread the love


দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: রোগীর আত্মীয়-পরিজনরা আশ্রয় নিতে বাধ্য হতেন গাছতলায়, আর তাঁদের জন্য বরাদ্দ ভবনে কাজ চলত তৃণমূল কংগ্রেসের। অবশেষে ভাটোল স্বাস্থ্যকেন্দ্রের (Bhatol well being centre) রোগী সহায়তা ভবনটি মঙ্গলবার রাজনৈতিক দখলমুক্ত করল ভাটোল ফাঁড়ির পুলিশ (Bhatol Police)। শুধু দখলমুক্ত নয়, রোগীর পরিজনদের ব্যবহারের জন্য তা খুলেও দেওয়া হয়। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই খুশি রায়গঞ্জ ব্লকের ১ নম্বর ভাতুন গ্রাম পঞ্চায়েতের ভাটোল এলাকার বাসিন্দারা। তাঁদের বক্তব্য, বছরের পর বছর প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েও ভবনটি রাজনৈতিক মুক্ত করা যায়নি। কিন্তু রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর সক্রিয়তা দেখা গেল পুলিশে।

প্রায় তিন বছর আগে রোগী ও তাঁদের পরিবারের বিশ্রামের উদ্দেশ্যে ভবনটি তৈরি হলেও তা তৃণমূলের দখলে চলে যায়। ভবনের চাবি স্থানীয় তৃণমূল নেতাদের কাছে থাকত এবং বিভিন্ন দলীয় কর্মসূচিতে ঘরটি ব্যবহার করা হত। এ নিয়ে রায়গঞ্জের বিডিও, ব্লক স্বাস্থ্য আধিকারিক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছেও অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। ভাটোলের বাসিন্দা যুব কংগ্রেস নেতা মুন্না ইসলামের দাবি, রোগীদের পরিবারের সদস্যরা এতদিন ভবনটি ব্যবহার করতে না পেরে গাছতলায় অপেক্ষা করতে বাধ্য হতেন। স্থানীয় শিক্ষক আশরাফুল হকও একই অভিযোগ করে জানান, কয়েক মাস আগে এক রোগীকে নিয়ে এলে রোগী সহায়তা কেন্দ্র বন্ধ থাকায় পরিবারের সদস্যদের বাইরে বসে থাকতে হয়েছিল। তবে অভিযোগ অস্বীকার করেছেন ভাতুন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের ইউসুফ আলি। তাঁর দাবি, ভবনটি কখনও দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়নি। রাজনৈতিক উদ্দেশ্যেই এই অভিযোগ তোলা হচ্ছে। তিনি বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নে পঞ্চায়েত একাধিক কাজ করেছে এবং ভবনটি বর্তমানে খুলে দেওয়া হয়েছে।’

অন্যদিকে, রায়গঞ্জ ব্লকের বোগ্রামে অবস্থিত কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিইউসির কার্যালয়টি দখলমুক্ত করার অনুরোধ জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে চিঠি দিয়েছেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। গত ১ সেপ্টেম্বর পাঠানো ওই চিঠিতে অভিযোগ করা হয়েছে যে, গত ৩০ অগাস্ট বিজেপি কর্মীরা কার্যালয়ে দলীয় পতাকা টাঙিয়ে দখল করেন। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ওই কার্যালয়টি ২০১৬ সালে তৃণমূল দখল নিলেও চলতি বছরের ১৫ জুন তা পুনরুদ্ধার করে কংগ্রেস। মোহিতের মতে, ‘এই ঘটনা রাজনৈতিক সৌজন্য ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্ব বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না। তাই বিজেপির রাজ্য সভাপতির হস্তক্ষেপে দ্রুত দলীয় পতাকা সরিয়ে কার্যালয়টি দখলমুক্ত করার আবেদন জানানো হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *