Bangladesh | ভূমিকম্পে বাংলাদেশে মৃত অন্তত ৩, আহত ৫০-এর বেশি, ১০ কিলোমিটার গভীরে উৎসস্থল

Bangladesh | ভূমিকম্পে বাংলাদেশে মৃত অন্তত ৩, আহত ৫০-এর বেশি, ১০ কিলোমিটার গভীরে উৎসস্থল

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুক্রবার সকালে এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, যার প্রভাবে পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গেরও বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ৫.৫ থেকে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পে বাংলাদেশে অন্তত তিনজনের মৃত্যু এবং ৫০-এরও বেশি মানুষ আহত হওয়ার খবর মিলেছে। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, ভূ-পৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

রাজধানী ঢাকার কসাইটুলি এলাকায় এই প্রাকৃতিক দুর্যোগের সবচেয়ে ভয়াবহ প্রভাব দেখা যায়। সেখানকার একটি পাঁচতলা ভবনের ইটের তৈরি বিশাল রেলিং কম্পনের তীব্রতায় ভেঙে পড়ে। সেই মুহূর্তে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারীদের ওপর আছড়ে পড়ে ধ্বংসাবশেষ। যার ফলে মৃত্যু হয় একাধিক পথচারীর। মৃতদের মধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রও রয়েছেন, তাঁর নাম রাফিউল ইসলাম।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সাব-ইনস্পেক্টর আশিস কুমার ঘোষ জানিয়েছেন, চিকিৎসাধীন অবস্থাতেই তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে দমকল ও পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, নরসিংদী জেলা হাসপাতালেও বহু আহত মানুষ ভর্তি ছিলেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকায় স্থানান্তরিত করা হয়েছে।

বাংলাদেশের সময় সকাল ১০টা ৩৮ মিনিট (কলকাতা ১০টা ৮ মিনিট)-এ এই কম্পন অনুভূত হয়। যদিও পশ্চিমবঙ্গে (কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি) মৃদু কম্পন অনুভূত হলেও, এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কম্পন টের পেয়ে কলকাতাতেও বহু বহুতলবাসী রাস্তায় নেমে আসেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *