BSF Camp Assault | পাঞ্জাবে হাই অ্যালার্ট! জলন্ধর ও অমৃতসরে সেনাশিবির লক্ষ্য করে হামলা, – Uttarbanga Sambad

BSF Camp Assault | পাঞ্জাবে হাই অ্যালার্ট! জলন্ধর ও অমৃতসরে সেনাশিবির লক্ষ্য করে হামলা, – Uttarbanga Sambad

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবে ফের নাশকতার কালো ছায়া (Punjab Blast Information)। মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাতের মধ্যে জলন্ধর এবং অমৃতসরের বিএসএফ ক্যাম্প ও সদর দপ্তরের কাছে পর পর দুটি বিস্ফোরণের ঘটনায় (BSF Camp Assault) ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। যদিও এই জোড়া বিস্ফোরণে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ঘটনার ধরণ দেখে রীতিমতো নড়েচড়ে বসেছে পাঞ্জাব পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। বিশেষ করে আন্তর্জাতিক সীমান্তের এত কাছে এই ধরনের হামলায় বড়সড় জঙ্গি যোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না গোয়েন্দা বিভাগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম হামলার ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায় জলন্ধরের বিএসএফ চকের কাছে অবস্থিত বিএসএফ-এর সদর দপ্তরের অত্যন্ত সংলগ্ন এলাকায় (Jalandhar Blast)। সেখানে একটি ব্যস্ত রাস্তার পাশে পার্ক করে রাখা একটি স্কুটারে হঠাৎই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে স্কুটারে আগুন ধরে যায় এবং ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্য়েই পুলিশের হাতে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বিস্ফোরণের পর ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ছে এবং এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যেতে দেখা যাচ্ছে।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গভীর রাতে দ্বিতীয়বার কেঁপে ওঠে অমৃতসরের খাসা এলাকা। জানা গিয়েছে, আটারি-ওয়াঘা সীমান্ত থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত বিএসএফ ক্যাম্পের পাশে একটি সেনা শিবিরের বাইরে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে মোটরবাইকে করে আসা এক আততায়ী সেনা ক্যাম্প লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে পালিয়ে যায়। অমৃতসর (Amritsar) গ্রামীণ পুলিশের এসপি আদিত্য ওয়ারিয়ার জানিয়েছেন, ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে গোটা এলাকাটি ঘিরে ফেলেছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে।

সীমান্তবর্তী রাজ্য হওয়ার কারণে গোয়েন্দারা এই ঘটনার পেছনে সীমান্তের ওপার থেকে আসা কোনও মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন। পাঞ্জাবের এই স্পর্শকাতর এলাকাগুলিতে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। গোটা রাজ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে ব্যবহৃত বিস্ফোরকের প্রকৃতি খতিয়ে দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। সব মিলিয়ে এই জোড়া বিস্ফোরণে পাঞ্জাব জুড়ে এখন তীব্র আতঙ্ক বিরাজ করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *