উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘদিন ‘বেপাত্তা’ থাকার পর অবশেষে প্রকাশ্যে এলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী (Former Sports activities Minister) অরূপ বিশ্বাস। তবে তাঁর এই প্রত্যাবর্তন মোটেও সুখকর হলো না। ‘মেসি কাণ্ডে’ আইনি জটে জর্জরিত এই হেভিওয়েট নেতাকে ঘিরে আজ, বৃহস্পতিবার নজিরবিহীন উত্তেজনা ছড়াল আলিপুর আদালত চত্বরে (Aroop Biswas Alipore Court docket)। ক্ষুব্ধ আইনজীবী ও সাধারণ মানুষের ‘ডিম-থেরাপি’র ভয়ে প্রায় তিন ঘণ্টা একটি চেম্বারের (Alipore Lawyer Chamber) অন্ধকারে বন্দি থাকতে হলো প্রাক্তন মন্ত্রীকে। শেষমেশ পুলিশের গাড়িতে ওঠার সময় তাঁর ওপর আক্ষরিক অর্থেই আছড়ে পড়ল ডিমের বৃষ্টি।
‘মেসি কাণ্ড’ সামনে আসার পর থেকেই অরূপ বিশ্বাস কোথায় আছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনার শেষ ছিল না। আজ সকালে হঠাৎই বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন তিনি। সেখানে সাড়ে তিন ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর থানা থেকে বের হন প্রাক্তন মন্ত্রী। তবে বাড়ি না ফিরে কলকাতার রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকে তাঁর গাড়ি। মাঝে দু’বার গাড়ি থেকে নেমে সাংবাদিকদের মুখোমুখি হলেও নিজের গন্তব্য নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন। এরপরই নাটকীয়ভাবে তিনি আশ্রয় নেন আলিপুর আদালতের আইনজীবী গোপাল হালদারের চেম্বারে।
অরূপ বিশ্বাস আদালতে এসেছেন—এই খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন সেখানে উপস্থিত আইনজীবী ও বিচারপ্রার্থীদের একাংশ। মুহূর্তের মধ্যে আইনজীবী গোপাল হালদারের চেম্বারের বাইরে জমায়েত হন শয়ে শয়ে মানুষ। লক্ষ্যণীয় বিষয় হলো, অধিকাংশ বিক্ষুব্ধ আইনজীবীর হাতেই ছিল ডিম!
পরিস্থিতি বেগতিক বুঝে চেম্বারের ভেতরের আলো বন্ধ করে দেওয়া হয়। অন্ধকারে টুঁ শব্দ না করে বসে থাকেন প্রাক্তন মন্ত্রী। অন্যদিকে জানলার বাইরে ডিম হাতে দাঁড়িয়ে এক বর্ষীয়ান আইনজীবী হাঁক ছাড়েন, “একবার বাইরে আসুন, নাহলে আমাকে ঢুকতে দিন। কিছুই করব না।” ভিড়ের মধ্য থেকে আবার কেউ ব্যঙ্গ করে টিপ্পনী কাটেন, “বেরিয়ে আসুন, মেসিকে দেখতেই তো এসেছি!” বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি ছিল—”কোনও চোরকে এখানে আশ্রয় দেওয়া যাবে না।”
অরূপবাবুও ভালোমতোই জানতেন যে বাইরে পা রাখলেই ‘ডিম হামলা’ নিশ্চিত। দীর্ঘ তিন ঘণ্টা এই স্নায়ুর লড়াই চলার পর অবশেষে আদালত চত্বরে এসে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশি ঘেরাটোপের মধ্যে অরূপ বিশ্বাসকে ঘর থেকে বের করে আনা মাত্রই চারপাশ থেকে ধেয়ে আসতে থাকে ডিম। পুলিশের গাড়ি লক্ষ্য করে একের পর এক ডিম ছুঁড়তে থাকেন আইনজীবীরা। এরই মধ্যে আদালত চত্বর ছাড়তে বাধ্য হন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী।

