উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের বিরুদ্ধে উঠল ‘গুরুতর’ অভিযোগ। তাঁর কারণে নাকি নষ্ট হচ্ছে কাজের পরিবেশ! এমন অভিযোগটি নাকি করেছেন অভিনেতার সহকারী কলাকুশলী ও পরিচালক। কিন্তু কী এমন ঘটল যে, তাঁর মতো একজন বিখ্যাত অভিনেতার বিরুদ্ধে এমন অভিযোগ উঠছে?
ঘটনার সূত্রপাত অমিতাভের একটি পোস্ট ঘিরে। সম্প্রতি বর্ষীয়ান এই অভিনেতা মাত্র দু ঘন্টার মধ্যে পাঁচটি বিজ্ঞাপনী চিত্রের শুটিং শেষ করেন। সেই বিষয়ে সমাজমাধ্যমে করা একটি পোস্টে অমিতাভ বলেন, ‘মাত্র দুঘণ্টার মধ্যে পাঁচটি বিজ্ঞাপনী চিত্র ও দুটি ফোটোশুটের কাজ শেষ করেছি। সব কটিই বিজ্ঞাপনের জন্য। কিন্তু তাও এটা কিন্তু একেবারেই সহজ নয়।’
আর এই নিয়েই যত ঝামেলা’র সূত্রপাত। এত অল্প সময়ের মধ্যে কাজ শেষ করে দেওয়ার ব্যাপারটি প্রকাশ্যে এনে তিনি কাজের পরিবেশ নষ্ট করছেন বলে নাকি অভিযোগ জানিয়েছেন কলাকুশলী ও পরিচালক। যদিও মজার ছলেই এই বিষয়টি জানিয়েছেন খোঁদ অমিতাভ। তিনি বলেন, ‘কলাকুশলী ও আমার পরিচালক বন্ধু বলেছেন, আমি নাকি কাজের পদ্ধতি নষ্ট করছি।’ তাঁরা নাকি বলেছেন যে, ‘এতগুলো দিনের কাজ যদি আপনি অর্ধেক দিনেই শেষ করে ফেলেন, তা হলে ক্লায়েন্ট এই সময়ের মধ্যেই আরও বেশি করে ছবি তৈরি করার নির্দেশ দেবে। এই ভাবে কাজ করলে বাকি সকলের জন্য এটি একটি খারাপ দৃষ্টান্ত তৈরি হতে পারে।’ তবে এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অমিতাভ জানিয়েছেন, তিনি এইভাবে কাজ করতেই ভালবাসেন। এতে কলাকুশলী এবং প্রযোজকদের সুবিধা হয়। তাই তিনি দ্রুত কাজ শেষ করারই পক্ষপাতী।
