Balurghat Bus Terminal Energy Reduce | বিদ্যুৎ বিলের জেরে অন্ধকারে ডুবল বালুরঘাট বাস টার্মিনাস, চরম ভোগান্তিতে যাত্রী ও কর্মীরা

Balurghat Bus Terminal Energy Reduce | বিদ্যুৎ বিলের জেরে অন্ধকারে ডুবল বালুরঘাট বাস টার্মিনাস, চরম ভোগান্তিতে যাত্রী ও কর্মীরা

শিক্ষা
Spread the love


বালুরঘাট: ২৫ হাজার টাকার বিল বকেয়া থাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (এনবিএসটিসি) (NBSTC) বালুরঘাট বাস টার্মিনাসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন (Balurghat Bus Terminal Energy Reduce) করে দেয় বিদ্যুৎ দপ্তর। মঙ্গলবার বিকেলে বিদ্যুতের লাইন কেটে দেওয়ার পর সন্ধে নামতেই অন্ধকারে ডুবে যায় বাসস্ট্যান্ড চত্বর। বুধবার বিকেল পর্যন্ত চলে এই হয়রানি। চরম সমস্যায় পড়েন যাত্রী, কর্মী ও স্থানীয় বাসিন্দারা। দিনভর সিসিটিভি ফুটেজ, আগাম বুকিং, মাইকিং বন্ধ থাকে সরকারি পরিবহণ সংস্থার বাস টার্মিনাসে। শেষমেশ এদিন পরিবহণ নিগমের তরফে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়। দ্রুত বিল মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

বিদ্যুৎ দপ্তর জানিয়েছে, গত কয়েক মাস ধরে প্রায় ২৫ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া ছিল এনবিএসটিসি’র বালুরঘাট বাস টার্মিনাসের। একাধিকবার নোটিশ পাঠিয়েও বিল আদায় না হওয়ায় শেষপর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর জেরে বাসস্ট্যান্ডে আলো না থাকায় যাত্রীদের বাস ধরতে এবং বাস থেকে নামতে অসুবিধা হয়। গরমে গলদ্ঘর্ম অবস্থা হয় যাত্রীদের। বুধবার দিনভর এর প্রভাব ছিল। বাসস্ট্যান্ডের কর্মী অমিত ঘোষ বলেন, ‘যখন বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছিল, তখন ভেবেছিলাম টেকনিকাল কোনও কাজের জন্য বন্ধ করে দিয়েছিল। কিন্তু মঙ্গলবার রাত এবং বুধবার সারাদিন ধরে যখন বিদ্যুৎ নেই, তখন খুব সমস্যায় পড়তে হয়েছে।’

বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার সৌভিক সরকার জানান, শুধু এনবিএসটিসি নয়, দক্ষিণ দিনাজপুর জেলায় মোট বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ প্রায় ৪৭ কোটি টাকা। সরকারি ও বেসরকারি বহু প্রতিষ্ঠানের বিল বকেয়া। তাই বকেয়া আদায়ে কড়া পদক্ষেপ করা হচ্ছে। তিনি বলেন, ‘এনবিএসটিসি’র ক্ষেত্রে প্রায় ২৫ হাজার টাকা বকেয়া ছিল। নিয়ম মেনেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরে কর্তৃপক্ষ যোগাযোগ করে দ্রুত বিল মেটানোর আশ্বাস দেওয়ায় পুনরায় সংযোগ চালু করা হয়েছে।’

মালদা, বালুরঘাট (Balurghat) ও রায়গঞ্জের (Raiganj) মধ্যে ব্যাটারিচালিত সরকারি বাস পরিষেবা চালানোর উদ্যোগ নিয়েছে এনবিএসটিসি। ইতিমধ্যে ২০০টি ব্যাটারিচালিত বাসের প্রস্তাব কেন্দ্রকে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। এরজন্য উত্তরের অন্যান্য জেলার পাশাপাশি বালুরঘাটে একটি চার্জিং স্টেশন তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। একদিকে যখন জেলার পরিবহণ ব্যবস্থার আধুনিকীকরণের জন্য বৈদ্যুতিক বাস ও চার্জিং স্টেশন তৈরির পরিকল্পনা চলছে, তখন একটি বাস টার্মিনাসের বিদ্যুৎ বিল বকেয়া থেকে যাওয়ার ঘটনা কতটা দায়িত্বশীলতার পরিচয় দেয়, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এনবিএসটিসি’র বালুরঘাটের অফিসার ইনচার্জ অশোক চক্রবর্তী অবশ্য বলছেন, ‘ভুল বোঝাবুঝির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিলের বিষয়টি আমার নজরে আসেনি। রায়গঞ্জ থেকে চেক আসে। দ্রুত বকেয়া মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *