শিলিগুড়ি: দুর্গাপুজোর আগে উত্তরবঙ্গের চা শ্রমিকদের মুখে হাসি ফোটাতে কড়া অবস্থান নিল রাজ্য সরকার ও প্রশাসন। শুক্রবার শিলিগুড়ির দাগাপুর কমপ্লেক্সের শ্রমিক ভবনে চা বাগানগুলির (Arjun Singh) বিভিন্ন সমস্যা এবং শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন পুজোর আগেই চা শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার স্পষ্ট নির্দেশ দেওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চা বাগানগুলি চালুর জন্য ১০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
এদিন শ্রমিক ভবনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও পরিবহণ মন্ত্রী অর্জুন সিং, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, শ্রম দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা এবং উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান কর্তৃপক্ষের প্রতিনিধিরা। দীর্ঘ আলোচনা শেষে শ্রমিকদের স্বার্থে একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে শ্রমমন্ত্রী অর্জুন সিং জানান, পুজোর আগেই চা শ্রমিকদের হাতে ২০ শতাংশ বোনাস তুলে দিতে হবে। এর জন্য আগামী ৫ অক্টোবরের মধ্যে সমস্ত বকেয়া বোনাস মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাগান কর্তৃপক্ষকে।
পাশাপাশি, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চা বাগানগুলি পুনরায় খোলার বিষয়েও কড়া বার্তা দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে বন্ধ চা বাগানগুলি চালু করার নির্দেশ দিয়ে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে বাগান না খুললে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ করা হবে। প্রয়োজনে ধুঁকতে থাকা বা বন্ধ হওয়া ওই সমস্ত বাগান অন্য কোনো উপযুক্ত ও সক্ষম সংস্থার হাতে তুলে দেওয়ার কথাও ভাবা হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে উত্তরবঙ্গে প্রায় ২৫ থেকে ৩০টি চা বাগান বিভিন্ন কারণে বন্ধ রয়েছে। যার ফলে প্রায় ৭০ থেকে ৮০ হাজার চা শ্রমিক ও তাঁদের পরিবার চরম আর্থিক অনিশ্চয়তা ও মানবেতর জীবন কাটাচ্ছেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই চা শিল্প ও শ্রমিকদের এই দীর্ঘদিনের সমস্যা সমাধানের জন্য গত চার মাস ধরে ধারাবাহিক পদক্ষেপ করা হচ্ছে বলে বৈঠকে জানানো হয়। পুজোর মুখে বোনাস এবং বন্ধ বাগান খোলার এই কড়া নির্দেশ কার্যকর হলে লক্ষাধিক চা শ্রমিকের পরিবার কিছুটা স্বস্তি পাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

