উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এবারের বিধানসভা নির্বাচনের ঠিক আগেই তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছিলেন ভাঙড়ের প্রভাবশালী নেতা আরাবুল ইসলাম (Arabul Islam)। কিন্তু সম্প্রতি আইএসএফের (ISF) বিরুদ্ধে স্বৈরাচার ও একনায়কতন্ত্রের অভিযোগ তুলে দল ছাড়ার ঘোষণা করেন তিনি। এরপর আরাবুল কী করতে চলেছেন, তা নিয়ে ক্রমশই বাড়ছিল জল্পনা। আর এই জল্পনাকল্পনার মাঝেই বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) ঘরে দেখা গেল আরাবুলকে। তবে কী এবার ঋতব্রতপন্থী তৃণমূল শিবিরে (TMC) যোগ দিতে চলেছেন তিনি? এই জল্পনাই যেন এবার জোরালো হল।
সোমবার দুপুরে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অত্যন্ত খোশমেজাজেই দেখা যায় আরাবুলকে। তাঁরা দীর্ঘক্ষণ আলোচনাও করেন। যদিও এনিয়ে আরাবুল সাফ জানান, তিনি ব্যক্তিগত দরকারে বিধানসভায় এসেছিলেন এবং সেখানে পরিচিতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। অন্যদিকে, আরাবুলের সঙ্গে বৈঠকের বিষয়ে মন্তব্য করতে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রহস্য বজায় রেখে বলেন, ‘ক্রমশ প্রকাশ্য।’ তিনি আরও জানান যে, ভাঙড়ের পরিস্থিতি এবং সেখানকার মানুষের ওপর হওয়া বিভিন্ন অত্যাচারের বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার আইএসএফের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে নিজের পদত্যাগের কথা সোশ্যাল মিডিয়ায় জানান আরাবুল। আইএসএফ-এর বিরুদ্ধে একনায়কতন্ত্র ও দলীয় কর্মীদের দিয়ে ভাঙড়জুড়ে অনাচার চালানোর অভিযোগ তোলেন তিনি। এদিকে, বিধানসভা নির্বাচনে ভরডুবির পর বর্তমানে তৃণমূল দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূলের সঙ্গ ছেড়েছেন অনেকেই। এসবের মাঝেই এবার আরাবুলও কি তবে মমতার পরিবর্তে ঋতব্রত শিবিরের দিকেই ঝুঁকবেন? তা সময়ের সঙ্গে সঙ্গেই স্পষ্ট হতে চলেছে।

