উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : হিমাচল প্রদেশের উনা জেলায় ন্যাশনাল স্পেস ডে উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। সেখানে পড়ুয়াদের তিনি প্রশ্ন করেন, প্রথম কে মহাকাশে গিয়েছিলেন? পড়ুয়ারা উত্তর দেয়, নীল আর্মস্ট্রং (Neil Armstrong)। কিন্তু অনুরাগ পাল্টা বলেন, আমার মনে হয় প্রথম মহাকাশে গিয়েছিলেন, হনুমানজি। এই ভিডিওটি পরে তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
আর এখানেই বিতর্কের শুরু। পড়ুয়ারা ভুল উত্তর দিলেও তাদেরকে ভুল শুধরে ইউরি গ্যাগারিনের (Yuri Gagarin) নাম বলেননি। বদলে হুনুমানের নাম বলেন তিনি। রবিবার পিএমশ্রী স্কুলের (PM Shri College) সভায় গিয়ে এখানেই থেমে থাকেননি অনুরাগ। তাঁর উত্তরের স্বপক্ষে যুক্তি সাজিয়ে কারণও ব্যাখ্যা করেন।
বিজেপি সাংসদ বলেন, যতক্ষণ আমরা আমাদের হাজার হাজার বছরের পুরনো ঐতিহ্য, জ্ঞান, সংস্কৃতি সম্পর্কে না জানব, ততক্ষণ ব্রিটিশরা আমাদেরকে যেমনটা শিখিয়ে গিয়েছে, তেমনই থেকে যাব।
স্কুলের অধ্যক্ষকে তিনি অনুরোধ করেন পড়ুয়াদের পাঠ্যপুস্তকের বাইরে গিয়েও দেশ এবং তার ঐতিহ্য ও প্রথা সম্পর্কে জানতে যেন উৎসাহিত করা হয়। এতে পড়ুয়ারা অনেক নতুন কিছু দেখার এবং ভাবার সুযোগ পাবে।
