ফালাকাটা: শনিবার রাতে ফালাকাটা ব্লকের (Falakata) বংশীধরপুর গ্রামে তাণ্ডব চালাল একদল হাতি (Elephants Assault)। জানা গিয়েছে, জলদাপাড়া পশ্চিম রেঞ্জের ব্যাংডাকি বিটের জঙ্গল থেকে ১৮টি হাতির একটি দল গ্রামে ঢোকে। বিদ্যুৎহীন ও বৃষ্টির রাতে গ্রামে ঢুকেই হাতিগুলি দলছুট হয়ে পড়ে।
হাতির হামলায় গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু বাসিন্দার বাড়ি ভেঙে দিয়েছে হাতি। গুঁড়িয়ে দিয়েছে পটলখেতের মাচা। কিন্তু এই আতঙ্কিত পরিস্থিতির মধ্যেই পেশায় ট্রাক্টরচালক কালী সরকার নিজের ট্রাক্টর নিয়ে হাতির দলের পিছু ধাওয়া করেন।
পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরা। গ্রামবাসী ও বন দপ্তরের যৌথ প্রচেষ্টায় রাতেই হাতিগুলিকে পুনরায় জঙ্গলে ফেরানো সম্ভব হয়। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। বন দপ্তর জানিয়েছে, এলাকায় নিয়মিত নজরদারি চালানো হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।
