উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লন্ডনের (London) এক ভারতীয় রেস্তোঁরায় বিধ্বংসী অগ্নিকাণ্ড (Hearth)। আগুনে ঝলসে গেলেন ৫ জন। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশের তরফে জানানো হয়েছে, গত শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ (Police)। অনুমান করা হচ্ছে, পরিকল্পিতভাবে রেস্তোরাঁয় আগুন লাগানো হয়েছে। ঘটনায় যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের একজনের বয়স ১৫ বছর এবং অপরজনের বয়স ৫৪ বছর। অগ্নিকাণ্ডের ঠিক আগের মুহূর্তের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। লন্ডন অ্যাম্বুল্যান্স সার্ভিসের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে একটি চিকিৎসক দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেখানে আহত ৫ জনের চিকিৎসা করা হয়। পরে দু’জনকে ট্রমা কেয়ারে ও তিন জনকে হাসপাতালে পাঠানো হয়। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
